• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মো. জুয়েল রানা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার এবং সংঘবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমতের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের ছেলে (পালক পিতা ব্যদেন) কাজী সাব্বির হোসেন (২৬)। তিনি বর্তমানে রাখালিয়াচালা এলাকার সায়েদ আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
এরপর ভুক্তভোগীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন, আসামিদের অবস্থান শনাক্তকরণ এবং অভিযান সফল করতে সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলমের দূরদর্শিতা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও কৌশলগত ভূমিকা বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখে। তার নেতৃত্বাধীন অভিযানে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।
বুধবার ভোর সাড়ে ৩টার দিকে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category