প্রভাত স্পোর্টস: ইয়ান দিওমান্দে, দলবদলের বাজারে শোরগোল তুলে দিয়ে রিয়াল মাদ্রিদে পা রাখেন তিনি। শনিবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে তাকে প্রথমবার শুরুর একাদশে রাখেন হোসে মরিনিও। তারকাখ্যাতির প্রতি সুবিচার করতে পারেননি আইভরিয়ান উইঙ্গার। ৪-১ গোলের বড় জয়ে শুধু তিনি কেন, পুরো দলও সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের মন জয় করতে পারেনি।
ঘরের মাঠে রিয়ালের বড় জয় মলিন হয়েছে শিস আর গুঞ্জনে। কিলিয়ান এমবাপে করেন জোড়া গোল এবং আলভারো কারেরাসও দুইবার জাল কাঁপান। মাঠে ছিলেন জুড বেলিংহাম। দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি কিছুই। বিশেষ করে ক্যামেলো গোল শোধ দেওয়ার পর দর্শক-সমর্থকরা রাগে গজগজ করতে থাকে। যার শুরুটা হয়েছিল বেতিসের কাছে হার দিয়ে। এরপর ইন্টার মিলান ও রায়োর বিপক্ষে জিতলেও সেই ব্যর্থতার ধাক্কা ভুলতে পারেনি তারা।
প্রথমার্ধেই ম্যাচ শেষ হয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় রায়ো। শেষ ৪৫ মিনিটের রিয়ালের পারফরম্যান্সে গ্যালারিতে ছড়িয়ে পড়ে হতাশা। কাতালান সংবাদপত্র স্পোর্ত-র মতে, মরিনিওর কাছে আরও বেশি কিছু চাইছিল বার্নাব্যু। ২১ মিনিটের মধ্যে রিয়ালের তিন গোলে একপেশে লড়াইয়ের আভাস মিলেছিল। তাদের লাইনআপে সবচেয়ে আলোচিত নাম ছিল দিওমান্দে। রিয়ালের সবচেয়ে বিতর্কিত চুক্তিতে আসা এই উইঙ্গার বার্নার্দো সিলভা, কারেরাস ও রুডিগারের সঙ্গে শুরু করেন। লা লিগার সবচেয়ে ব্যয়বহুল চুক্তিতে এলেও তিনি কোনো ছাপ না রেখেই শেষ করেন ম্যাচ।
দিওমান্দের নিষ্ক্রিয়তা আর ভিনিসিয়ুসের ভুলে গোল খেতে দেখে ভক্ত-সমর্থকরা ক্ষোভে ফুসে ওঠেন। ৩-০ থেকে ব্যবধান ৩-১ হওয়ার পর গ্যালারি থেকে ধেঁয়ে আসে বিদ্রূপাত্মক শিস।
থিবো কোর্তোয়া শেষ কয়েক মিনিট শক্ত পায়ে না দাঁড়ালে বিপদ বাড়তে পারতো। বক্সের বাইরে থেকে রায়োর কয়েকটি প্রচেষ্টা নষ্ট করে দেন। অবশ্য গোলের দেখা না পাওয়া অতিথিদের জন্য দুর্ভাগ্যজনকই বলা চলে। শেষ পর্যন্ত এমবাপে আবারও জ্বলে ওঠেন এবং চতুর্থ গোল করে প্রতিপক্ষের প্রত্যাবর্তনের আশায় পানি ঢালেন।
কিন্তু পুরো ম্যাচ ধরে চলা ভক্ত-সমর্থকদের শিষ আর ক্ষোভের বহিঃপ্রকাশ থামাতে পারেনি রিয়াল। দল গুরুত্বপূর্ণ জয় তুলে নিলেও বার্নাব্যুর গ্যালারি থেকে আসা অনিশ্চয়তার গুঞ্জন আর শিস বুঝিয়ে দিলো, মরিনিওর দলের কাছ থেকে তারা আরও বেশি কিছু আশা করে।