প্রভাত সংবাদদাতা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবির টহলদল। মঙ্গলবার (২ জুন) দিনগত রাতে ৫৮ বিজিবির অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরের সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিজিবির একটি টহল দল। অভিযানকালে আন্তর্জাতিক সীমানার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের একটি বাঁশ বাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে ‘MADE IN ITALY’ লেখা রয়েছে।
জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ। তিনি বলেন, গতকাল রাত এগারোটার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।