প্রভাত সংবাদদাতা, জামালপুর: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিনজন ও মোটরসাইকেলের আরোহীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩), তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেল চালক লিখন আকন্দ (৫০)
স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আর মোটরসাইকেলের আরোহী আহত লিখনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাজন মিয়া বলেন, ‘আমার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে ট্রাকটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর চালক পালিয়ে যাওয়ার জন্য দ্রুতগতিতে ট্রাক চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার জন্য ট্রাকচালকই দায়ী।’
নিহত মোরশেদ আলমের শ্বশুর মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমার পরিবারে তিনজন চলে গেছে। আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতনি । পরিবারে তো আর কেউ থাকলো না। সব চলে গেলো। আমরা এটার বিচার চাচ্ছি। আমার বুক খালি হইছে, এভাবে আর কারো বুক যেন খালি না হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় চালকসহ সেটি আটক করেন।
জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়াও মোটরসাইকেল চালক লিখন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিসহ চালককে আটক করা হয়েছে।