• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধী ও হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ কর আপিলের জমার হার ব্যাপকভাবে কমানোর প্রস্তাব বাজেটে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ১০.৮৭ লাখ কোটি টাকায় ব্যাংক হিসাব খোলার পরিমাণ বেড়েছে শিক্ষার্থীদের, শীর্ষে ৫ ব্যাংক ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে ৮০ ডলারের নিচে তেলের দাম প্রধানমন্ত্রীর চীন সফর, কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সীমান্তে তেল পাচার ইরানের পুনর্গঠনের জন্য তৈরি হচ্ছে ৩০ হাজার কোটি ডলারের তহবিল ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিয়ে হয়েছে, নাকি হয়নি! রহস্যের সমাধান হলো না টম হল্যান্ড আর জেনডায়ার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বিয়ে হয়েছে, নাকি হয়নি! এই রহস্যের সমাধান আজও হলো না। টম হল্যান্ড আর জেনডায়া যে প্রেম করছেন, সে কথা কে না জানে। কিন্তু ঝামেলা বাধে তখনই যখন মাসকয়েক আগে, জেনডায়ার স্টাইলিস্ট জানান এই তারকাযুগল বিয়ে করেছেন! সারা দুনিয়ায় হইচই পড়ে যায়। কিন্তু যাঁদের নিয়ে এত কথা, সেই টম আর জেনডায়া স্পিকটি নট। এরপর সিনেমা বা সিরিজের প্রিমিয়ারসহ নানা কারণে গণমাধ্যমের সামনে এসেছেন দুই তারকা কিন্তু বিয়ে প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। আগামী মাসে আসছে এই জুটি অভিনীত ‘স্পাইডার–ম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা।
স্পেনের মাদ্রিদে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ফটোকলে গত সোমবার একসঙ্গে পোজ দেন জেনডায়া ও টম হল্যান্ড। প্রায় পাঁচ বছর পর বড় জনসমক্ষে এটি তাঁদের প্রথম উপস্থিতি। ক্যামেরার সামনে দুজনকে স্বাভাবিক ও স্বচ্ছন্দ দেখাচ্ছিল। টমের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন জেনডায়া, আর টমের শরীরী ভাষাতেও ছিল ঘনিষ্ঠতার ছাপ। কিন্তু এবারও বিয়ে নিয়ে কিছু বলেননি তাঁরা।
অনুষ্ঠানে দুজনই বেছে নিয়েছিলেন কালো পোশাক। টম পরেছিলেন কালো স্যুট, সঙ্গে লাল রঙের সূক্ষ্ম নকশা। অন্যদিকে কালো স্ট্র্যাপলেস ফ্রিঞ্জড গাউনে নজর কাড়েন জেনডায়া। তাঁর দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ জানান, পোশাকটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান কাউয়ান। সঙ্গে ছিল বিলাসবহুল ঘড়ি ও গয়নার সমন্বয়।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের ছবিটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই। এটি টম হল্যান্ডের চতুর্থ ‘স্পাইডার-ম্যান’। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির হোমকামিং, ‘ফার ফ্রম হোম ও ‘নো ওয়ে হোম’-এ তাঁকে দেখা গেছে।
‘নো ওয়ে হোম’–এর ঘটনাপ্রবাহের পর থেকে শুরু হবে নতুন ছবির গল্প। পৃথিবীর কারও আর পিটার পার্কারের কথা মনে নেই। ফলে আবার অপরাধ দমনে নেমে পড়েন তিনি। কিন্তু পুরোনো বন্ধুদের তাঁকে ভুলে গিয়ে নিজেদের জীবন নিয়ে এগিয়ে যেতে দেখে ভেতরে–ভেতরে বদলে যেতে শুরু করেন পিটার। সেই পরিবর্তনই তাঁকে এমন এক অদৃশ্য ও ভয়ংকর শত্রুর মুখোমুখি দাঁড় করাবে, যার অস্তিত্বই দেখতে পাবে না সাধারণ মানুষ।
ছবিতে টম ও জেনডায়ার পাশাপাশি অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, মার্ক রাফালো।
‘স্পাইডার-ম্যান’–এ একসঙ্গে কাজ করতে গিয়েই টম ও জেনডায়ার বন্ধুত্ব। বহু বছর সম্পর্কের গুঞ্জন অস্বীকার করার পর ২০২১ সালে তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ২০২৫ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেনডায়ার হাতে বড় হীরার আংটি দেখে বাগ্‌দানের খবর নিশ্চিত হয়। তবে চলতি বছর নতুন করে শুরু হয় বিয়ের গুঞ্জন। জেনডায়ার স্টাইলিস্ট ল রোচ এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বিয়ে তো হয়েই গেছে, আপনারা মিস করেছেন।’ পরে আবার সেই বক্তব্যকে ‘সত্যি’ বলেও মন্তব্য করেন তিনি। এতে গুঞ্জন আরও জোরালো হয়।
তবে জেনডায়া নিজে বিষয়টি নিয়ে কখনো স্পষ্ট কিছু বলেননি। বরং এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে হেসে জানান, বিয়ে হয়ে গেছে—এমন খবর তিনি নিজেও পড়েননি। একই সঙ্গে তিনি বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁদের কথিত বিয়ের অনেক ছবি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
তাই বিয়ে–রহস্য এখনো অমীমাংসিতই রইল।

পিপলডটকম অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category