প্রভাত স্পোর্টস: পিছিয়ে পড়েও ফর্মে থাকা থিয়ের্নো ব্যারির জোড়া গোলে কভেন্ট্রিকে হারিয়েছে এভারটন। ঐতিহাসিক এক রাতে ৩-১ গোলে জয়ে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। এভারটনের কোচ হিসেবে ম্যাচ পরিচালনায় হ্যারি ক্যাটারিকের রেকর্ডও স্পর্শ করেছেন ডেভিড ময়েস।
দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করেন ব্যারি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ব্যারির গোল এখন ১০টি। এর মধ্যে প্রিমিয়ার লিগে ছয়টি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট গোল করেছিলেন এই স্ট্রাইকার।পরে তার পাস থেকেই তৃতীয় গোল করেন কিয়েরনান ডিউসবেরি-হল।
প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। পরে দ্বিতীয়ার্ধে কভেন্ট্রিকে লিড এনে দেন ইয়ান গোবো ৫২ মিনিটে। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পর ব্যারির হেডে সমতায় ফেরে এভারটন। এরপর কাছ থেকে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে ব্যারির পাস পেয়ে জোরালো শটে এভারটনের তৃতীয় গোলটি করেন ডিউসবেরি-হল। সর্বশেষ ইংল্যান্ড দলে জায়গা না পাওয়া এই মিডফিল্ডার নিশ্চিত করেন দলের জয়। এই জয়ে এভারটনের কোচ হিসেবে ৫৯২তম ম্যাচ পরিচালনা করলেন ময়েস। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচে কোচের দায়িত্ব পালনের রেকর্ডে হ্যারি ক্যাটারিকের পাশে বসেছেন স্কটিশ এই কোচ। তবে জয়টি সহজ ছিল না এভারটনের জন্য। প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে কভেন্ট্রি। জেমস টারকোভস্কি ক্যালেব ইয়েরেনকেইয়ের চুল টেনে ধরায় পেনাল্টি পাওয়া উচিত ছিল বলেও মনে করেছে তারা। তাতসুহিরো সাকামোতোর শট ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। জ্যাক রুডোনির শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়। এভারটনের সাবেক কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি কোচ হিসেবে পুরোনো ক্লাবে ফেরাটাও শেষ হয়েছে হার দিয়ে।