• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

রাজশাহীতে পশুহাটের পাশে জমে উঠেছে ছুরি-চাপাতির বাজার

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাট। পশু ক্রয়-বিক্রয়ের পাশাপাশি কোরবানির জন্য প্রয়োজনীয় ছুরি, চাপাতি, দা, বটি ও হাড় ভাঙার সরঞ্জামের চাহিদাও বেড়েছে কয়েকগুণ। সেই সঙ্গে বেড়েছে এসব পণ্যের দামও। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে রাজশাহীর সিটি হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, পশুর হাটের ভেতরেই কয়েকটি কামারশালা অস্থায়ী দোকান বসিয়ে বিক্রি করছে কোরবানির সরঞ্জামাদি। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে গরু কিনতে আসা ক্রেতারা পশু কেনার পাশাপাশি জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি, বটি এবং গরুর হাড় ভাঙার যন্ত্রপাতিও কিনছেন এখান থেকেই। ফলে এক জায়গাতেই কোরবানির প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করতে পারছেন ক্রেতারা।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর এসব সরঞ্জামের দাম বেড়েছে। অনেক দোকানে প্রতি কেজি লোহার তৈরি পণ্য ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ৭০০ টাকার মধ্যে। আন্তর্জাতিক বাজারে যুদ্ধ পরিস্থিতি, লোহা ও রডের দাম বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়াতে হয়েছে বলে দাবি তাদের।
হাটে সরঞ্জাম বিক্রি করা আব্দুল লতিফ বলেন, প্রতি বছর ঈদের আগে এই সময়টাতে আমাদের ব্যবসা একটু ভালো হয়। তবে এ বছর কাঁচামালের দাম অনেক বেশি বেড়ে গেছে। লোহা, কয়লা, স্টিল- সবকিছুর দাম আগের চেয়ে বেশি। সেই সঙ্গে কামারদের মজুরিও বেড়েছে। ফলে বাধ্য হয়েই আমাদের ছুরি, চাপাতি ও বটির দাম বাড়াতে হয়েছে। গত বছরের তুলনায় প্রতিটি সরঞ্জামে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছি। অনেক ক্রেতা এসে দাম শুনে আবার ফিরে যাচ্ছেন। তবে যাদের একেবারে প্রয়োজন, তারা কিনে নিচ্ছেন।
রাজশাহী নগরীর তালাইমাড়ি এলাকা থেকে কোরবানির গরু কিনতে আসা ইকবাল হোসেন বলেন, গরু কেনার পর আবার আলাদা করে বাজারে গিয়ে কোরবানির সরঞ্জাম কেনা ঝামেলার বিষয়। এখানে একই জায়গায় সব পাওয়া যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আমি দুটি ছুরি ও একটি বটি কিনেছি। বাজারের তুলনায় এখানে দাম কিছুটা বেশি মনে হয়েছে। ঈদের সময় এসব জিনিস খুব প্রয়োজন হয়, তাই আগে থেকেই কিনে রাখলাম।
অন্যদিকে নগরীর শিরোইল এলাকার সোবহান মোল্লা গরু কিনতে না পারলেও কোরবানির সরঞ্জাম কিনেছেন। তিনি বলেন, এখনও গরু কিনিনি, তবে ভাবলাম পরে দাম আরও বেড়ে যেতে পারে। তাই আগে থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাখলাম। ঈদের কাছাকাছি সময়ে ভিড়ও অনেক বেড়ে যায়। তখন ভালো জিনিস পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই আগেভাগে কিনে রাখলে ঝামেলা কম হয়।
বেচাকেনার বিষয়ে সিটি হাটের ব্যবসায়ী আব্দুল জব্বার বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে শেষ এক সপ্তাহে ছুরি-চাপাতির বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। অনেকে পরিবার নিয়ে এসে গরু কেনার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামও কিনে নিচ্ছেন। এবার দাম একটু বেশি হলেও ভালো মানের জিনিসের চাহিদা রয়েছে। আমরা চেষ্টা করছি ক্রেতাদের সাধ্যের মধ্যে ভালো পণ্য দিতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category