• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

রোনালদোবিহীন পর্তুগাল দেখল ইতিহাসের সবচেয়ে বড় হার

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: পর্তুগালের সর্বশেষ তিন ম্যাচেও দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। একটিতে কোচের সিদ্ধান্তে, দুটিতে কােচের ওপর ক্ষোভে তিনি নিজে দল ছেড়ে চলে যাওয়ায়। যার জেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে ফেলেছেন কিছুদিন আগে।
রোনালদোর আনুষ্ঠানিক অবসরের পর পর্তুগাল প্রথম খেলতে নামল শনিবার রাতে। আর এই ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে রোনালদোবিহীন দলটি। উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল। দেশটির ১০৫ বছরের প্রতিযোগিতামূলক ফুটবল ইতিহাসে এটিই নিজেদের মাঠে সবচেয়ে বড় হার।
পর্তুগালের উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই ব্রাগার মাঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল অনেকটা উদ্‌যাপনের উপলক্ষ। সেই উদ্‌যাপনের বড় অংশজুড়ে ছিলেন রোনালদোই।
চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়া এই মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচের আগে তাঁর ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন পর্তুগালের খেলোয়াড়েরা। স্টেডিয়ামের বড় পর্দায়ও দেয়া হয় ‘ট্রিবিউট’।
কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর রোনালদোকেন্দ্রিক আবেগের ছাপ আর দেখা যায়নি। উল্টো ম্যাচজুড়ে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে দুয়োও শুনতে হয়েছে পর্তুগিজ ফুটবলারদের।
প্রথমার্ধের ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবিয়ার্গ। রুবেন দিয়াসের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সফরকারীরা। ৫০ মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। সাত মিনিট পর দিয়াসকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি।
৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। তখন গ্যালারিতে রোনালদোর নামে স্লোগান দিতে শুরু করেন পর্তুগিজ সমর্থকেরা। যোগ করা সময়ে বের্নার্দো সিলভার গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি পর্তুগাল।
ম্যাচ শেষে রোনালদোর অভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল কোচ জেসুসকে। উত্তরে তিনি বলেন, ‘কিসের অভাব? সে যদি আর জাতীয় দলে না খেলে, তাহলে ঠিক কিসের অভাব আমরা অনুভব করছি? শুধু আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ একজন থাকলে সেটা আলাদা কথা। সে তো আর খেলে না, এখানে নেই, নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’ তবে সমর্থকদের রোনালদোকে মনে পড়া স্বাভাবিক বলেও স্বীকার করেছেন পর্তুগাল কোচ। তাঁর ভাষায়, ‘এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। মানুষ তাকে মিস করবে, ২৩ বছর ধরে জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো যা অর্জন করেছে, তা কেউ ভুলবে না। এটাই স্বাভাবিক।’
পর্তুগালের এমন হারের জন্য প্রস্তুত ছিলেন না বলেও জানিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘কেউই সন্তুষ্ট নয়, কেউই খুশি নয়। এখানে হারতে হতে পারে, এমন সম্ভাবনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ৪-১ গোলে হারব, সেটা তো আরও ভাবিনি।’
প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেদের মাঠে এর আগে একাধিক গোলের ব্যবধানে মাত্র চারবার হেরেছিল পর্তুগাল। সর্বশেষ এমন হার ছিল ১৯৯৩ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির বিপক্ষে ৩–১ গোলে।
পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি। গত ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিই ছিল পর্তুগালের হয়ে তাঁর সর্বশেষ উপস্থিতি। এরপরের ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখেছিলেন জেসুস। পরবর্তী ম্যাচেও তাঁকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই জানানোর পর দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে যান রোনালদো। পরে অভিযোগ করেন কোচ তাঁকে দেওয়া কথা রাখেননি। এসব ঘটনারই একপর্যায়ে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ই বলে দেন ‘সিআরসেভেন’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category