জুয়েল রানা, কালিয়াকৈর : অনিরাপদ অভিবাসন শুধু বিদেশগামী ব্যক্তির জীবনকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং একটি পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করে এবং দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। তাই বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং বৈধ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে আয়োজিত উপজেলা পর্যায়ের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ আহ্বান জানান।
ইউএনও ফখরুল হোসাইন নিজ বক্তব্যে আরও বলেন, ‘সঠিক তথ্য ও প্রয়োজনীয় দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেক মানুষ প্রতারণা ও নানা ধরনের ঝুঁকির শিকার হচ্ছেন। কর্মসংস্থান ও উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে অনেকে সর্বস্ব হারাচ্ছেন। তাই বিদেশ যাওয়ার আগে অভিবাসনসংক্রান্ত সঠিক তথ্য জানা, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি। এতে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।’
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মো: রবিউল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন),কালিয়াকৈর থানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মিজানুর রহমান, জনাব সানজিদা মজুমদার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাসহ স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্র্যাকের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এ কর্মসূচির আওতায় বিদেশগামী নারী ও পুরুষদের মধ্যে সঠিক তথ্য প্রচার, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অভিবাসন খাতে অ্যাডভোকেসিমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।