• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সবার অংশগ্রহণ নিশ্চিত করেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

কে,এম আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি: দেশের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রেখেই আগামী জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, সরকার এমন একটি বাজেট দিতে চায় যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। তিনি বলেন, অর্থনীতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও নতুন বাজেটের মাধ্যমে ইতিবাচক সূচনা করার বিষয়ে সরকার আশাবাদী। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বের করে এনে বিনিয়োগনির্ভর ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। একই সঙ্গে বাজেটের সুফল যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে অর্থনীতিকে যেভাবে ঋণনির্ভরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে উৎপাদনশীল খাতের সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই নতুন বাজেটে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন চাকরির সুযোগ তৈরির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য অনুকূল বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের প্রভাব এখনো অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যমান। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর পুনর্গঠনের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category