• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট : আগামী বছর (২০২৭ সাল) হজের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, উন্নত সুবিধার প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।
এছাড়া, বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ছিল। এরমধ্যে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয় ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এছাড়া হজ প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ ও হজ প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়।
এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাওয়া ও কোরবানিসহ বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় মোট ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয় ৫ লাখ ১০ হাজার টাকা।
মন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজের হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।
তিনি বলেন, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু দেওয়া হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।
ধর্মমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি রয়েছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, শেখ হাসিনা সরকারের সময়ে ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় দুই লাখ টাকা ছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তা কমিয়ে এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। চলতি বছর বিমান ভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৭ সালের হজে তা আরও কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ বিষয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজ-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জনের থাকার ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবু এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা বাধ্যতামূলক থাকবে।
মন্ত্রী আরও জানান, তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সিগুলোকে নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে। সরকার অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ গ্রহণ বাধ্যতামূলক হলেও গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২-এর চেয়ে কম সেবা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনার উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু ও সার্ভিস প্যাকেজকে একটি সমন্বিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি মোট চারটি সার্ভিস প্যাকেজ ছিলো। কিন্তু, ২০২৭ সালের হজে সার্ভিস প্যাকেজ হবে ৩টি। ‘ডি’ সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া, ২০২৭ সালের হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এসব উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বাড়বে।
শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং হজ ভিসার জন্য আবেদন করতে পারবেন। আগের বছরগুলোতে এসব কার্যক্রম সম্পন্ন করতে তাদের দেশে ফিরতে হতো। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যেন অবস্থানরত দেশ থেকেই সরাসরি সৌদি আরবে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। এদিকে, ২০২৭ সালের হজের নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে জানিয়ে তিনি বলেন, পরে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজে গমনের জন্য পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজ পালন করতে পারবেন সেটা হজ চুক্তির সময় নির্ধারিত হবে বলেও জানান ধর্মমন্ত্রী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন প্যাকেজের মূল্য (খাবার ব্যয় ছাড়া) ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। ২০২৭ সালের জন্য একই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এতে আপাতদৃষ্টিতে প্যাকেজের মূল্য ৩৮ হাজার ৪৮১ টাকা বেড়েছে বলে মনে হলেও সংশ্লিষ্ট ব্যয় বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে।
এবারের প্যাকেজে প্রথমবারের মতো খাবার বাবদ ৩৯ হাজার ৫০৮ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গত বছরের প্যাকেজে ছিল না।
এছাড়া, সৌদি সরকার মিনা ও আরাফাতে সর্বনিম্ন ক্যাটাগরির সেবা বাতিল করায় অতিরিক্ত ৭০০ সৌদি রিয়াল ব্যয় যুক্ত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২৪০ টাকা (প্রতি রিয়াল ৩৩ দশমিক ২০ টাকা হিসাবে)।
এদিকে, বিনিময় হার পরিবর্তনের কারণেও ব্যয় বেড়েছে আরও ৩ হাজার ৮২৫ টাকা ৮৫ পয়সা।
সব মিলিয়ে এসব ব্যয় যুক্ত করলে ২০২৬ সালের সর্বনিম্ন প্যাকেজের প্রকৃত মূল্য দাঁড়ায় ৫ লাখ ৩৩ হাজার ৭১১ টাকা। সেই তুলনায় ২০২৭ সালের জন্য নির্ধারিত ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকার প্যাকেজে প্রকৃত ব্যয় ২৮ হাজার ৬৩ টাকা কমেছে বলেও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category