প্রভাত রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি। স্বাস্থ্যখাতের বাজেটের সিংহভাগ ক্যানসার চিকিৎসায় বরাদ্দ দেয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও চালুর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করা হবে। পাশাপাশি এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় উদ্যোগ নেয়া হবে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকায় মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’ এ ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারনের সমন্বয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেন রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন। তিনি বলেন, দেশে এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। প্রয়োজনে তাদের আগামী তিন মাস প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যেন নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।
স্বাস্থ্যখাতে অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
জাতীয় ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ।