খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়া উপজেলায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে কচুয়া উপজেলা যুবদল। সোমবার (২৩ তারিখ) বিকাল ৪-টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অপপ্রচার, কুৎসা রটনা ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনীতির জন্য অশুভ। তারা সুস্থ, সহনশীল ও গণমুখী রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে এসব অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। তাই বিভেদ, বিদ্বেষ ও কাদা ছোড়াছুড়ির রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক ডাকুয়া অলিউর রসুল, সিনিয়র যুগ্ন আহবায়ক মশিউর রহমান মুক্তা, মাসুদ শেখ, লিয়ন শিকদার, সুজন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব রাবু এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ শেখ।প্রতিবাদ মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।