• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ঈদযাত্রার ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদযাত্রার গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে। ২১ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে দুই সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পদ্মা সেতুতে ১০ দিনে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার করেছে।
এসব যানবাহন থেকে মোট ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার করেছে। এ সেতু থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা। ফলে দুই সেতু মিলিয়ে টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সেতু দুটিতে বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের কারণে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং বড় ধরনের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি।
এতে আরও বলা হয়, পদ্মা ও যমুনা সেতুর কার্যকর ব্যবস্থাপনার ফলে ঈদের ছুটিতে থাকা যাত্রীদের জন্য সড়কপথে নিরাপদ, মসৃণ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত আরও স্বস্তিদায়ক হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সার্বক্ষণিক তদারকির ফলে এবারের ঈদযাত্রা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category