প্রভাত রিপোর্ট: রাজধানীর হকার সমস্যা সমাধানে এক সপ্তাহের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। রবিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতি আয়োজিত ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আবদুস সালাম বলেন, হকারদের উচ্ছেদ নয়, নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়া হবে। নিবন্ধিত হকারদের পরিচয়পত্র ও ভ্যানের নম্বর দেওয়া হবে। এর মাধ্যমে চাঁদাবাজিও বন্ধ করা হবে। তিনি বলেন, বড় ফুটপাতের একটি অংশ হকারদের জন্য নির্দিষ্ট করা হলেও পথচারীদের চলাচলের জায়গা রাখতে হবে। প্রথম শর্ত হলো, রাস্তা খালি করতে হবে।
ডিএসসিসি প্রশাসক জানান, শুক্রবার ও শনিবার বিভিন্ন সড়কে হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কিছু এলাকায় অফিস সময়ের পর নির্দিষ্ট সময় পর্যন্ত হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে হকারি করে আসা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। তিনি আরও বলেন, হকারদের জন্য প্রণীত নীতিমালা মন্ত্রণালয় অনুমোদন করেছে। বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধি, পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করা হবে।
আবদুস সালাম বলেন, আমরা দখলবাজ কাউকে রাখতে চাই না, চাঁদাবাজ কাউকে রাখতে চাই না। আমরা নিয়মের মধ্যে চাই। সভায় বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কালাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা এবং রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা উপস্থিত ছিলেন।