প্রভাত স্পোর্টস: কড়া নিরাপত্তার চাদরে ঢেকে কলকাতায় পা রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ভারতে এসেছে কার্লো আনচেলত্তির দল। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরোটা পথ টিম বাস থেকে ভক্ত-দর্শনার্থীদের দূরে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। রাত পৌনে নয়টার দিকে ব্রাজিলিয়ান দল বিমানবন্দরে অবতরণ করে। তারপর দেশের প্রতীকি সবুজ ও হলুদে রাঙানো দুটি বাস তাদের নিয়ে ভিআইপি গেট দিয়ে দ্রুত বেরিয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে, বিমানবন্দরের কাছে কিংবা তাদের চলাচলের পথের ধারে দাঁড়াতে পারেনি দর্শকরা।
১১ মিনিটের মধ্যে ৯০ জনের দলকে নিয়ে বিমানবন্দর ত্যাগ করে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৮ মিনিট। টিম হোটেলের পাশেও ছিল নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।
হোটেলের ভেতরে কিছু দর্শক তাদের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখতেই লবি থেকে স্লোগান ভেসে আসে ‘ভিনি ভিনি’। জলপাই সবুজ রঙয়ের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরা ছিল খেলোয়াড়দের। ইনজুরি আক্রান্ত রাফিনিয়াকে ছাড়াই ব্রাজিল দল এসেছে। শুক্রবার সকালে কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলন করার কথা। সঙ্গে থাকবেন ব্রাজিলের এক ফুটবলার। এর পর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে দল। এরপর গোটা দল হোটেল ফিরে যাবে। আর কোনও পরিকল্পনা নেই। পর দিনের ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন ভিনিসিয়ুসেরা।
কলকাতায় আসার আগেই নিজেদের সমাজমাধ্যমে ব্রাজিল একটি লম্বা বার্তা পোস্ট করে। সেখানে ৪৯ বছর আগে পেলের কলকাতায় আগমন এবং মোহনবাগানের বিপক্ষে ম্যাচ খেলার উল্লেখ রয়েছে। ব্রাজিল লিখেছে, ‘প্রায় ৫০ বছর আগে পেলে কলকাতায় এসেছিলেন। ২৪ সেপ্টেম্বর ১৯৭৭, ফুটবলজীবনের শেষ পর্বে ফুটবলের রাজা ভারতের মাঠে নেমেছিলেন নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে। পেলের আগমন নিয়ে শহর এতটাই উত্তেজিত ছিল যে প্রচুর মানুষ অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। প্রতিপক্ষ ছিল ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান। বিশ্বের একজন কিংবদন্তিকে দেখতে ঠাসা ছিল ইডেন গার্ডেন্স। ম্যাচ শেষ হয়েছিল ২-২ ফলে, পেলে ৩০ মিনিট খেলেছিলেন। তার পাশেই ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।’
ফেডারেশন আরও লিখেছে, ‘ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের যাত্রার একটি অংশ। ১৯৭৭-এর ১ অক্টোবর পেলের আনুষ্ঠানিক অবসরের কয়েক সপ্তাহ আগে ম্যাচটি হয়েছিল। এখন কলকাতা আবার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে। ব্রাজিল ফুটবল দল ভারতে খেলবে।’