প্রভাত স্পোর্টস: কাতারের অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড (গোলরক্ষক নন এমন) খেলোয়াড় হওয়ার সুযোগ পেয়েছেন। ৪২ বছর বয়সী এই ফুটবলারকে আসন্ন বিশ্বকাপের জন্য দেশটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে।
উরুগুয়েতে জন্ম নেওয়া সোরিয়াকে কাতারের কোচ জুলেন লোপেতেগি ঘোষিত ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এখনও চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা পাওয়ার বিষয়টি এখনই নিশ্চিত। আগামী ১১ জুন থেকে শুরু হতে হওয়া বিশ্বকাপের আগে এই স্কোয়াড ২৬ জনে নামিয়ে আনতে হবে। যদি সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপে খেলেন, তাহলে তিনি টুর্নামেন্টের ৯৬ বছরের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন।
বর্তমানে এই রেকর্ডটি রয়েছে রজার মিলা’র দখলে। ক্যামেরুনের এই কিংবদন্তি ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ৪২ বছর বয়সে নিজের শেষ বিশ্বকাপ খেলেছিলেন। তবে সবমিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মিশরের গোলরক্ষক এসাম আল হায়দারি। ২০১৮ সালে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে খেলতে নামার সময় তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।
এদিকে, ইনজুরি থেকে সময়মতো সেরে উঠতে পারলে এবারের বিশ্বকাপে দেখা যেতে পারে স্কটল্যান্ডের ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেইগ গর্ডনকেও। এর আগে সেবাস্তিয়ান সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছিল। ২০১৭ সালের পর দীর্ঘ সময় তিনি জাতীয় দলে ছিলেন না এবং স্বাগতিক কাতারের ২০২২ বিশ্বকাপ দলেও সুযোগ পাননি।
বিশ্বকাপে ফুটবলারের স্বজনদের জন্য উচ্চমূল্যের টিকিট কিনতে হিমশিম দশা!
গত অক্টোবরে আবারও জাতীয় দলে ডাকা হয় সোরিয়াকে, এরপর তিনি কাতারের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলেছেন। দোহায় অনুষ্ঠিত সেই ম্যাচে কাতার ২-১ গোলে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন সোরিয়া। ম্যাচের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সোরিয়া লিখেন, ‘আবারও আল আনাবির জার্সি গায়ে চাপাতে পেরে এবং সুন্দর এই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’
২০০৪ সালে কাতারের লিগে খেলতে আসেন সোরিয়া। এরপর ২০০৭ সালে তিনি দেশটির জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেন। আসন্ন বিশ্বকাপে কাতারের অভিযান শুরু হবে সানপ্রান্সিসকোতে ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা ভ্যাঙ্কুভারে কানাডা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে খেলবে।