• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

কেপ ভার্দের খেলোয়াড়দের আবদার মেটালেন মেসি

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছে আর্জেন্টিনা। বিদায়ের আগে তাদের কাঁপিয়ে দিয়েছে আফ্রিকান দেশটি। লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচ বের করে নিতে বসেছিল কেপ ভার্দে। তবে হেরে যায় সেট পিসের গোলে।
ম্যাচ শেষে মেসি স্বীকার করেন ভোগান্তির কথা। ১২০ মিনিট ধরে কেপ ভার্দের কাছে কতটা ভুগতে হয়েছে, সেটাও বিশ্লেষণ করে জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। এভাবে বিদায় নিলেও গর্বিত কেপ ভার্দে। আর্জেন্টিনার কাছে হারের পর কেপ ভার্দের খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠের পাশে অপেক্ষা করছিলেন এবং মেসি তার ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকার শেষ না করা পর্যন্ত ড্রেসিংরুমে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তারা আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ছবি তোলেন। তাদের এই শ্রদ্ধাপূর্ণ আচরণ ও মেসির বিনয়ের জন্য ফুটবল ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই মুহূর্তটি।
মেসির সঙ্গে ছবি তোলেন তারা এবং জার্সিও চেয়েছিলেন। ১০ নম্বর জার্সিধারীও তাদের আবদার মেটান। পরে মজা করে তিনি বলেন, ‘তারা আমার জার্সি, সবকিছুই চেয়েছিল… মাঠের মধ্যে তারা আমাকে মেরে তুলোধোনা করে ছেড়েছে, হা হা।’
ম্যাচের পর নিজেদের সমালোচনা করেছেন মেসি এবং কীভাবে ১২০ মিনিট ধরে কেপ ভার্দে তাদের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছিল সেটা বিশ্লেষণ করলেন, ‘আমরা ওদের ওপর ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না। মাঝে মাঝে রক্ষণাত্মক জায়গা থেকে যখন আমরা সেন্ট্রাল ব্যাকের ওপর চড়াও হতে চাচ্ছিলাম, তখন দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়ে যাচ্ছিল; সেন্ট্রাল ব্যাকদের এগিয়ে এসে ডিফেন্ড করার জন্য দূরত্বটা বড্ড বেশি ছিল।’ তিনি বলে গেলেন, ‘আমরা অগোছালো ছিলাম, ওরা সবসময় আমাদের চেয়ে একজন খেলোয়াড় বেশি পাচ্ছিল কারণ আমরা ওদের সাথে টেক্কা দিতে পারছিলাম না। ওদের পায়ে বল ছিল না, তাও ওরা আমাদের দৌড়ের ওপর রেখেছিল কারণ আমরা ঠিকমতো চাপ সৃষ্টি করতে পারছিলাম না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category