প্রভাত রিপোর্ট: ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য গণপরিবহনে ভ্রমণ বিশেষ সুবিধা এবং স্বাস্থ্যসেবা, জীবনবিমা ও ঝুঁকিবিমা নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৪ অক্টোবর) ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্ট উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের মর্যাদাপূর্ণ জীবনযাত্রার পথ সুগম করতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সভায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের জন্য গণপরিবহনে ভ্রমণ বিশেষ সুবিধা এবং স্বাস্থ্যসেবা, জীবনবিমা ও ঝুঁকিবীমা নিশ্চিত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডাব্লিউটিএ-এর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএল-এর পরিচালক মো. আমিনুর রহমান, জীবন বিমা কর্পোরেশনের জিএম আবু নাইম মো. মারুফ খান, বাংলাদেশ নৌপরিবহন মালিক সমিতির মহাপরিচালক ছিদ্দুকুর রহমান পাটোয়ারীসহ পরিবহন খাতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।