প্রভাত রিপোর্ট: গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (৮ নভেম্বর) দুপুরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের জরুন এলাকায় মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানার ছুটি দাবি করে ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলে। পরে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কোনাবাড়ী, জরুন ও কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে ওই কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কারখানার কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে। পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সাভারে পোশাক কারখানা খোলার পর আবার ২০টিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের অসন্তোষের পর রবিবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় হাজির হয়েছেন শ্রমিকেরা। সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় কাজ চলছে। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় সেগুলোয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আরও কয়েকটি কারখানাও ছুটি দেয়। এদিকে কিছু শ্রমিক সকাল সাড়ে ১০টার দিকে আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়ায় কারখানাগুলোয় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পাশাপাশি আরও কয়েকটি কারখানাও ছুটি দিয়েছে। মোট ২০টি কারখানা ইতিমধ্যে ছুটি দিয়েছে। আরও চারটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে আছেন। কিছু শ্রমিক সড়কে অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সাভারের শিল্পাঞ্চলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, সব শ্রমিক কাজে ফিরেছেন। আগামী ১০ তারিখ পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই কারখানাগুলোকে বেতন পরিশোধ করতে হবে। দেরি হলে আবার আন্দোলনের সূচনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কারখানার মালিকদের সময়মতো বেতন পরিশোধের জন্য বলা হয়েছে।’
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১১ প্লাটুন বিজিবি ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যও দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ইউএনও।
বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, তাঁরা কাজ করছেন। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে থাকায় ছুটি দেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি আপাতত ভালো।
খায়রুল মামুন আরও বলেন, গত কয়েক দিন শ্রমিকদের যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়েছিল দুষ্কৃতকারীরা। তারা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই সুযোগ তারা যাতে আর না নিতে পারে, সে জন্য ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধে এখন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। না হলে দুষ্কৃতকারীরা এটিকে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার করতে পারে।
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও কাটেনি উদ্বেগ। আন্দোলনের জেরে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, বাতিল হয়েছে বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শন। এতে দেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ঘিরে অসন্তোষের নেপথ্যে উসকানির অভিযোগ তুলছে প্রশাসন। সব মিলিয়ে পরিস্থিতি শান্ত হলেও পোশাকশিল্পে এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পোশাকশিল্পে পড়বে বলে মনে করছেন মালিকরা। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নির্ধারিত সফরও বাতিল হয়েছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিল্প মালিকরা।
শিল্প মালিকদের মতে, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ পোশাক শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাকে আরও দুর্বল করতে পারে। তবে আর কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হলে হয়ত পুষিয়ে নিতে পারবেন মালিকরা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। তবে আন্দোলনের কারণে একেক কারখানা ভেদে ক্ষতির পরিমাণ আলাদা আলাদা হয়েছে। তাৎক্ষণিকভাবে সব কারখানার ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আমার কারখানায় ইংল্যান্ডের একজন নতুন ক্রেতার আসার কথা থাকলেও নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকে কারখানায় আসেননি। পরদিন আরও কয়েকজন বিদেশি ক্রেতার কারখানা পরিদর্শনের কথা থাকলেও প্রধান কার্যালয় থেকে নিরাপদে থাকার নির্দেশনা পাওয়ায় তারাও আসেননি। কোনো বিশৃঙ্খলা হলে তা শুধু সংশ্লিষ্ট কারখানার নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। বিদেশি ক্রেতারা সরাসরি এমন পরিস্থিতি দেখলে বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ মেয়াদে ক্রয়াদেশ কমে যেতে পারে। আমাদের দেশের ইমেজ নষ্ট হচ্ছে। ভবিষ্যতে ক্রেতারা বাংলাদেশকে আরও বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করবেন। কোনো দেশের ঝুঁকির মাত্রা যত বেশি হয়, সেই দেশে পণ্যের দাম তত কম দেওয়া হয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, আমাদের ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অসন্তোষ এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে বিভিন্ন জায়গায় আন্দোলন চলমান থাকলেও নারায়ণগঞ্জে শান্ত ছিলেন গার্মেন্টস শ্রমিকরা। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে শ্রমিকরা ভাঙচুর করাসহ নানা ধরনের বিশৃঙ্খল কার্যক্রম চালিয়ে গেলেও নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা নীরব ভূমিকায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারাও আর শান্ত থাকেনি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মজুরিবোর্ড গঠনের দাবি তুলেছিলাম। এরইমধ্যে মজুরি বোর্ড গঠন হয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। মজুরি বোর্ড একটা মজুরি নির্ধারণ করে ঘোষণা করবে। তখন যদি আমাদের মনমতো না হয়, তাহলে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে পারি। তিনি আরও বলেন, যেহেতু মজুরি বোর্ড গঠন হয়েছে, এখন অপেক্ষা করতে হবে। আজকে বললে কালকেইতো মজুরি ঘোষণা করতে পারবে না। আমরা এই জিনিসটি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা সেটা বুঝতেছে না, তাদের মতো করে আন্দোলন করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল এখানে উসকানি দিয়েছে। পতিত সরকারের দোসর আছে। সেই দোসরগুলো শ্রমিক সংগঠনের ভেতরে ঢুকে তাদের উসকানি দিয়েছে। এটা বরদাশত করা হবে না। যারা সরকারের বিরুদ্ধে কাজ করছে, যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে তাদের খুঁজে বের করব। প্রত্যেক জায়গায় ক্যামেরা সেট করা আছে। ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা আছে। তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিবো। আমরা সাধারণ শ্রমিকের সঙ্গে আছি। সরকার তাদের বিষয়টি দেখবে।