প্রভাত রিপোর্ট: গ্যাস সংকটে জ্বলছে না চুলা, বাড়ছে বিদ্যুৎ বিল, ব্যাহত উৎপাদন- সমাধান কী? তীব্র গ্যাস সংকটের মুখোমুখি হয়েছে, যখন দেশ শিল্পায়ন, রফতানি বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু জ্বালানি ঘাটতি এখন সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় টানা তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময়ই অনেক এলাকায় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে, চুলায় আগুন জ্বলে মিটমিট করে। ফলে সময়মতো রান্না শেষ করা সম্ভব হচ্ছে না। এক ঘণ্টার রান্না শেষ করতে লেগে যাচ্ছে দু-তিন ঘণ্টা। এ অবস্থায় বাধ্য হয়ে অনেক পরিবার বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন ওভেন কিংবা রাইস কুকারে রান্না করছেন। আবার অনেকে রান্না করতে না পেরে হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে সীমিত আয়ের অনেক মানুষের প্রতিদিনের খরচ বেড়ে গেছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, বাসাবো, মালিবাগ, উত্তরা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন চিত্র দেখা গেছে।
চলমান গ্যাস সংকটে ভোগান্তির চিত্র রাজধানীর গ্যাস পাম্পগুলোতেও। ফিলিং স্টেশনের বাইরে যানবাহনের লম্বা সারি। তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক-শ্রমিকরা। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। ফলে পুরো পরিবহন খাতই বিপর্যস্ত হয়ে পড়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলোও। দ্রুত সমাধানের আকুতি জানিয়েছেন পাম্প শ্রমিকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ নির্বিঘ্ন হলে এ সংকট কেটে যাবে।
এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভোর কিংবা গভীর রাত ছাড়া অধিকাংশ সময় গ্যাসের চাপ থাকে না বললেই চলে। কোথাও কোথাও চুলা জ্বললেও সেই আগুনে একটি তরকারি রান্না করতেই দু-তিন ঘণ্টা লেগে যাচ্ছে।
এদিকে বাংলাদেশের অর্থনীতি এমন এক সময়ে তীব্র গ্যাস সংকটের মুখোমুখি হয়েছে, যখন দেশ শিল্পায়ন, রফতানি বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু জ্বালানি ঘাটতি এখন সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদদের ভাষায়, গ্যাস সংকট এখন আর কেবল জ্বালানি খাতের সমস্যা নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি। গত কয়েক বছর ধরেই দেশে গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় কম ছিল। তবে সম্প্রতি কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও সরবরাহ নেমে এসেছে মাত্র ২১৩ থেকে ২১৫ কোটি ঘনফুটে। অর্থাৎ প্রতিদিন প্রায় ১৬৫ কোটি ঘনফুট বা ৪৪ শতাংশ ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতির প্রভাব পড়ছে শিল্প, বিদ্যুৎ, পরিবহন, আবাসিক খাতসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে উৎপাদনমুখী শিল্প খাত, যা বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি।
দেশের প্রধান শিল্পাঞ্চল গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভালুকা, চট্টগ্রাম ও কুমিল্লার অসংখ্য কারখানায় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় স্বাভাবিক উৎপাদনের জন্য ১০ থেকে ১৫ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন হলেও মিলছে মাত্র ১ থেকে ৩ পিএসআই। দিনের অনেক সময় গ্যাসের চাপ একেবারেই শূন্যে নেমে আসে। এর ফলে অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে। ছোট ও মাঝারি শিল্পের অনেক প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো ডিজেলচালিত জেনারেটর, এলপিজি কিংবা বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যাচ্ছে।
ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডের গৃহিণী সায়মা ইসলাম বলেন, সকালে বাচ্চাদের স্কুলে পাঠানোর আগে নাশতা তৈরি করতে পারি না। চুলায় আগুন এত কম যে ডিম সেদ্ধ করতেও অনেক সময় লাগে। বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার ব্যবহার করতে হচ্ছে। এতে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যাচ্ছে।
একই এলাকার কোনাপাড়ার বাসিন্দা সুলতানা জানান, কয়েকদিন ধরে দুপুর ও রাতে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই পরিবারের সদস্যদের জন্য প্রায়ই হোটেল থেকে খাবার কিনে আনতে হচ্ছে। এতে মাসিক খরচ অনেক বেড়ে গেছে।
গ্যাস সংকটের প্রভাব শুধু বাসাবাড়িতেই সীমাবদ্ধ নয়। ঢাকার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। অনেক স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে তাদের আয়ও কমে গেছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আবাসিক, শিল্প ও সিএনজি—সব খাতেই এর প্রভাব পড়ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ অব্যাহত থাকতে পারে।
ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, কয়েকদিন ধরে একই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধান না পাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে কর্মজীবী পরিবার ও শিশুদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। রান্নার জন্য অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করায় একদিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিকে বিদ্যুতের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
অর্থনীতি ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো জ্বালানি। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্পায়ন, বিদ্যুতায়ন এবং দৈনন্দিন জীবনের এক বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এক অভূতপূর্ব ও তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গৃহস্থালির চুলা থেকে শুরু করে বিশাল শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র এবং পরিবহন খাত পর্যন্ত এই সংকটের ক্ষতিকর প্রভাব বিস্তার করেছে— যা সার্বিক অর্থনীতিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। প্রাকৃতিক গ্যাসের ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে এলএনজি টার্মিনালের ত্রুটি। এতে করে চাহিদার মাত্র ৫৬ শতাংশ গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা।
দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর একটি পরিচালনা করে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি, অন্যটি সামিট গ্রুপ। গত সপ্তাহে এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুনের পর সৃষ্ট যান্ত্রিক ত্রুটিতে সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর আগে এলএনজি থেকে প্রতিদিন সর্বোচ্চ ১০৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলেও বর্তমানে তা ৫০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। সব মিলিয়ে দেশে দৈনিক গ্যাস সরবরাহ কমে ২১৫ কোটি ঘনফুটের নিচে নেমেছে, যা আগে ছিল প্রায় ২৬৫ কোটি ঘনফুট। অথচ দৈনিক চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট।
তিতাস গ্যাসের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের দৈনিক প্রায় ১৯০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে আগে পাওয়া যাচ্ছিল প্রায় ১৫০ কোটি ঘনফুট। বর্তমানে তা নেমে এসেছে প্রায় ১১৫ কোটি ঘনফুটে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের শিল্পাঞ্চল, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর। তথ্য বলছে, বাংলাদেশে গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। বিগত এক দশকের ব্যবধানে দেশীয় কূপগুলো থেকে দৈনিক উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা কমে গেলেও গত কয়েক দশকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। বিশেষ করে সমুদ্রে (অফশোর) বিশাল সম্ভাবনাময় অঞ্চল থাকার পরও পর্যাপ্ত উত্তোলনের উদ্যোগের অভাব ছিল। নিজস্ব সরবরাহ ঘাটতি মেটাতে আমদানিকৃত এলএনজি’র ওপর অতিমাত্রায় নির্ভরতা তৈরি হয়েছে। দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে কোনও একটিতে কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণজনিত বিভ্রাট ঘটলেই পুরো সরবরাহ ব্যবস্থায় ধস নামে। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার ঘাটতি দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ প্রবাহকে অনিয়মিত করে তুলেছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না। তাহলে চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটা মিনিমাইজ করবার জন্য প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। তিনি বলেন, এক্সেলারেট এনার্জির রিজিওনাল হেড আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন। আমরা আশা করছি, আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহের শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। তিনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। যেগুলো খোলা আছে, সেগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মোতাবেক গ্যাস পাচ্ছেন না সিএনজি চালিত অটোরিকশা চালকরা। পাম্পগুলো থেকে মাত্র ২০০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে। প্রতিদিন এভাবে দিনের অর্ধেক সময় অলস ব্যয় করে গাড়ির জমা ও পরিবারের ভরণপোষণ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। টানা এই সংকটে ক্রমান্বয়ে ভোগান্তি বাড়ছে যানবাহন নির্ভর অন্য কর্মজীবীরাও। তারা বলেন, গ্যাসের জন্য পাম্পের বাইরে তিন থেকে পাঁচ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তবুও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না তারা। এতে ফের এসে গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশাচালকরা বলেছেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় আয় রোজগারে ব্যাপক প্রভাব পড়েছে তাদের। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। পাম্পের কর্মচারীরাও বলেন, চাহিদা অনুসারে গ্যাস দেওয়ার মতো মজুত নেই তাদের কাছে। সরবরাহ কমে আসায় এই সংকট তৈরি হয়েছে। আর্থিক ক্ষতি এড়াতে পাম্প বন্ধও রাখছেন।