প্রভাত স্পোর্টস: জমে উঠেছে ব্যালন ডি’অর ঘিরে কথার লড়াই । কিলিয়ান এমবাপের পর লামিন ইয়ামাল নিজেকে এই ব্যক্তিগত পুরস্কারের যোগ্য হিসেবে ঘোষণা করেছেন। দুজনের মন্তব্য ঘিরে সমালোচনা যেমন শুরু হয়েছিল, তেমনই সমর্থনও পাচ্ছেন তারা। এবার বার্সা কোচ হান্সি ফ্লিক তার শিষ্য ইয়ামালের মন্তব্য নিয়ে কথা বললেন। দুই দিন আগে ইয়ামাল মন্তব্য করেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্ব সেরা। কিন্তু এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’ স্পেনের বিশ্বকাপ জয়ী এই কিশোর তারকার চোখে দুই বিশ্বসেরা কে? উত্তর এড়িয়ে যানিনি তিনি, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে।’
এমন মন্তব্যে দোষের কিছু দেখছেন না ফ্লিক। যদিও সাবেক বার্সা তারকা আবেলারদো ফার্নান্দেজ মনে করেন, এমন শব্দচয়নের কারণে ইয়ামালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ‘এটা নিয়ে তুমি ভাবতে পার এবং বলতে পারতে: আমি সম্ভবত শক্তিশালী প্রার্থীদের মধ্যে আছি। কিন্তু তুমি কোনোভাবেই জান না যে, এই পুরস্কার কার হাতে উঠবে। লামিনের কথা আমার পছন্দ হয়নি। আমি কখনও মেসিকে এমন কথা বলতে শুনিনি, যে ছিল ফুটবল ঈশ্বর।’ তবে ফ্লিক ইয়ামালের মন্তব্যের কোনো সমালোচনা করে তার পাশে থাকার ঘোষণা দিলেন। বুধবার রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে লিগ ম্যাচের আগে বার্সা কোচ বললেন, ‘সে সৎ। তার আত্মবিশ্বাস আছে। এই মৌসুমে সে দেখিয়েছে সে কতটা ভালো। সে ব্যতিক্রম। তার মতামত ছিল সে এটার দাবি রাখে এবং আমিও মনে করি সে এর দাবিদার: দুটি শিরোপা (লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ) আমাদের সঙ্গে, জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ, কেন নয়?’
ফ্লিক ইয়ামালের নৈপুণ্য নিয়ে বলে গেলেন, ‘মাঠেও তার একই আত্মবিশ্বাস থাকে। তার সামনে একজন, দুজন বা তিন জন যারাই থাকুক না কেন, স্টেডিয়ামের সবাই অবাক হয়ে বলে, ‘বাহ’। এটাই লামিন। আমি তাকে সমর্থন দেবো। তার মতো খেলোয়াড়কে পাওয়া দারুণ ব্যাপার।’
আগামী ২৬ অক্টোবর লন্ডনে দেওয়া হবে ব্যালন ডি’অর। ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য প্রচারণা চালানোও উচিত মনে করেন তিনি, ‘কেন আমরা করব না (তার ব্যালন ডি’অর জেতার জন্য প্রচারণা)? এটা তো স্বাভাবিক। সে আমাদের খেলোয়াড়। আমরা আমাদের খেলোয়াড়কে সমর্থন দেই।’