প্রভাত রিপোর্ট: ডেঙ্গু পরিস্থিতির প্রয়োজনে রোগীর চাপ সামাল দিতে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। এ সফরের মাধ্যমে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার নির্ণয় আরও আধুনিক, দ্রুত ও নির্ভুল করতে ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও কার্যকর হবে ও রোগীরা উন্নত মানের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৫
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি জুলাই ও আগামী (আগস্ট) মাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সাখাওয়াত হোসেন জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে ‘এনএস১’ কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও অন্য শহরগুলোর হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো এবং চিকিৎসাসেবা জোরদার করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে রোগীর চাপ সামাল দিতে ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর ব্যবস্থাও নেওয়া হবে।