মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর: ৃকুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টির পানি জমে এসব গর্ত আরও ভয়াবহ আকার ধারণ করায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, জিয়ারকান্দি গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তে পানি জমে আছে। কোথাও কোথাও সড়কের পাশের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জিয়ারকান্দি ও গোপচর গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন। শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের আরও দাবি, সড়কের মাঝামাঝি ও দুই পাশের মাটি সরে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে সড়কটি দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। দ্রুত সংস্কার করা না হলে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।