মো. বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পূর্বপাড়ায় ঘনবসতিপূর্ণ বসতবাড়ির পাশে উচ্চ ভোল্টেজ বিদ্যুতের টাওয়ার স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। নিরাপদ স্থানে টাওয়ারটি সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে দড়িকান্দি গ্রামের পূর্বপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, তারা দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কিংবা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করছেন না। তবে বসতবাড়ি ও জনবসতির নিরাপত্তা বিবেচনা না করে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ টাওয়ার স্থাপন করা হলে তা স্থানীয়দের জীবন ও সম্পদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তাদের অভিযোগ, প্রকল্পের টাওয়ার নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সেন্টু কর্তৃক পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ—PGCB-এর কাছে এলাকার ঘনবসতিপূর্ণ বসতবাড়ির প্রকৃত চিত্র যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এছাড়া পরিবেশগত মূল্যায়ন EIA ও IEE, জাইকার JICA Social Safeguard Guideline এবং ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এলাকাবাসীর দাবি, তুলনামূলকভাবে সরল রুটে কম সংখ্যক টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হলেও রুট পরিবর্তন করে অতিরিক্ত টাওয়ারের অনুমোদন নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ছয়টি টাওয়ারের পরিবর্তে ১১টি টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সরকারি অর্থের অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে বিশেষভাবে ১৭ নম্বর টাওয়ার স্থাপনের বিষয়টি তুলে ধরেন স্থানীয়রা। তাদের দাবি, প্রস্তাবিত টাওয়ারের পাশেই তুলনামূলকভাবে ফাঁকা ও অনাবাসিক জায়গা রয়েছে। সেখানে টাওয়ার স্থাপনের সুযোগ থাকা সত্ত্বেও বসতবাড়ির উঠানে টাওয়ার স্থাপনের চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, টাওয়ার স্থাপনে আপত্তি জানালে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ ভোল্টেজ সঞ্চালন লাইনের আশপাশে জনবসতি থাকলে বৈদ্যুতিক দুর্ঘটনা ও নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষ করে শিশু, বয়স্ক ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত।
এলাকাবাসীর তিন দফা দাবি: মানববন্ধন থেকে এলাকাবাসী তিনটি প্রধান দাবি জানান—
১. ১৭ নম্বর টাওয়ারটি বসতবাড়ির উঠান থেকে সরিয়ে পার্শ্ববর্তী নিরাপদ, অনাবাসিক ও ফাঁকা জায়গায় স্থাপন করতে হবে।
২. ছয়টি টাওয়ারের পরিবর্তে ১১টি টাওয়ারের রুট অনুমোদন, নকশা প্রণয়ন ও সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. পরিবেশগত ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করে জনবসতি এড়িয়ে নিরাপদভাবে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করতে হবে।
এলাকাবাসী PGCB কর্তৃপক্ষ, কুমিল্লার জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে দড়িকান্দি গ্রাম পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে টাওয়ার স্থাপনের আগে প্রকৃত পরিস্থিতি যাচাই করে নিরাপদ বিকল্প স্থানে টাওয়ার নির্মাণের দাবি জানান তারা। তারা বলেন, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।