মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়ন-এর শাহবৃদ্ধি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় জনগণের চলাচলের রাস্তা দখল করে দেয়াল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, শাহবৃদ্ধি পাকা সড়কের মোড় থেকে আব্দুল কুদ্দুস সরকারের বাড়ি পর্যন্ত প্রায় ৪-৫ বছর আগে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে গ্রামবাসী সেই রাস্তা ব্যবহার করে এলেও সম্প্রতি রাস্তার একটি অংশ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ ওঠে মৃত রুক্কু মিয়া সরকারের ছেলে সাব মিয়া ওরফে মোস্তাক মিয়ার বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার অংশ ঘিরে দেওয়ালের নির্মাণকাজ চলমান রয়েছে। এছাড়া সুমন মিয়া নামে আরেক ব্যক্তি ওই রাস্তার ওপর চারচালা ঘরের বারান্দা নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর ভাষ্য, বহুদিন ধরে ব্যবহৃত জনগণের চলাচলের পথ দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করা জনস্বার্থবিরোধী এবং এতে ভবিষ্যতে চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে সাব মিয়ার ছেলে প্রবাসী ওমর বলেন, জমিটি তাদের নিজস্ব এবং তারা নিজেদের জায়গা থেকেই রাস্তার জন্য অংশ ছেড়ে দিয়েছেন। তার দাবি, তারা ব্যক্তিগত অর্থায়নে বালু ফেলে রাস্তা সংস্কারও করেছেন।
এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আজহার মিয়া-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।