প্রভাত স্পোর্টস : স্পোর্তিং লিসবনে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আন্তর্জাতিক অবসরের পর সাবেক এই তারকাকে নিজেদের মতো করে বিদায় জানাল পর্তুগিজ জায়ান্টরা।
হোসে আলভালাদে স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় মোরেইরেন্সের বিপক্ষে ম্যাচ চলাকালে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানায় লিসবন। সপ্তম মিনিটে তার জার্সি নম্বরের স্মরণে তাকে উষ্ণ সংবর্ধনা দেয় ক্লাবটির ভক্ত-সমর্থকরা। তারা দাঁড়িয়ে হাততালি দেন, কেউ রোনালদোকে শুভ কামনা জানিয়ে ব্যানার তুলে ধরেন। উষ্ণ করতালিতে লিসবন কেঁপে উঠেছিল।
রোনালদো অবসর ঘোষণার পর ইতোমধ্যে স্পোর্তিং তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, ‘আমাদের দেশের জন্য আপনি যা করেছেন, তার সবকিছুর জন্য ধন্যবাদ। পর্তুগালের ইতিহাসে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
৪১ বছর বয়সী রোনালদো এই বৃহস্পতিবার জানান পর্তুগালের জার্সিতে ২৩ বছর খেলার পর অবসর নিচ্ছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোল ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড সঙ্গী করে বিদায় নিলেন সিআরসেভেন।
বর্তমানে তিনি সৌদি আরব ক্লাব আল নাসরে খেলছেন। গত ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন। ওই ম্যাচে তার দল ১-০ গোলে জিতেছিল।