প্রভাত স্পোর্টস : স্প্যানিশ লিগের চলতি মৌসুমে অন্যতম বিস্ফোরক ও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রূপ নিয়েছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি। ফুল ব্যাক মার্ক কুকুরেল্লাকে ভ্যালেন্সিয়ার মাফেও মারাত্মক ফাউল করার পরই প্রথম ৪৫ মিনিটে বড় ধরনের হাতাহাতি হয়েছিল। সংবাদপত্র স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যামেরার আড়ালে আরও বড় ঘটনা ঘটেছে। নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয়েছিলেন অতিথি দলের দুই তারকা জুড বেলিংহাম ও আন্তোনিও রুডিগার।
তারা লিখেছে, ‘রেফারি হার্নান্দেজ মায়েসো প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজানোর পর তিনি খেলোয়াড়দের টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ দেন। আর তারপরই ক্যামেরার আড়ালে খুবই সহিংস হামলার ঘটনা ঘটে।’
আ পুন্ত সাংবাদিক নাচো সানচেজের বক্তব্য অনুযায়ী, এতে জড়িত ছিলেন বেলিংহাম ও রুডিগার। সানচেজ বলেছেন, ‘ড্রেসিংরুম টানেলে ঘটে যাওয়া বাগবিতণ্ডার বিস্তারিত ঘটনা তুলে ধরা হলো। বেলিংহাম একজন নিরাপত্তারক্ষীকে ঘুষি মারেন এবং রুডিগারও আরেকজন নিরাপত্তারক্ষীকে চড় মারেন। নিরাপত্তা কর্মীরা রেফারির কাছে যান, তিনি যা ঘটেছে সব লিখে রেখেছেন।’তিনি আরও যোগ করেছেন, ‘এই ঘটনা ম্যাচ শেষ হওয়ার পর রেফারির প্রতিবেদনে থাকার কথা। কারণ নিরাপত্তারক্ষীরা তাকে জানিয়েছিল কী ঘটেছে। তিনিও সব লিখে রেখেছেন।’
মিলিতাও ও বেলিংহামকে ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করতে করতে টানেলে প্রবেশ করতে দেখা গেছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। রেফারির প্রতিবেদনের অপেক্ষায় এখন সবাই। ভুক্তভোগী নিরাপত্তারক্ষীদের বিবরণ এখন তার কাছে।