প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, নির্বাচনী ইশতেহারে যে সমস্ত বিষয় আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো দ্রুত বাস্তবায়নে করা হবে। সোমবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যাপারে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ, পদ্মা সেতু, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পদ্মা নদীর পাশ দিয়ে চার লেনের রাস্তা, একটা বাইপাস রোড করার কর্মসূচি আমরা নির্বাচনের সময় ঘোষণা করেছিলাম। এছাড়াও জাতীয় ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছিলেন, তার আলোকে কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আজকে আলোচনা করেছি। আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। আশা করি, নির্বাচনে ইশতেহারে যে সমস্ত বিষয় আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারব। আমার বিশ্বাস, এ সমস্ত প্রকল্প বাস্তবায়ন হলে রাজবাড়ীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, মাদক নিয়ে রাজবাড়ী জেলাবাসী খুব উদ্বিগ্ন। এ জেলায় মাদকের প্রকোপটা ভয়াবহ আকারে বেড়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নেওয়া হয়েছে। জেলা থেকে মাদক নির্মূল করার জন্য একটা কমিটি করেছি। এই কমিটির মাধ্যমে এখানে একটা সমন্বিত কর্মসূচি তৈরি করা হবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করব।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ী সদর উপজেলাটা ১৪টা ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে প্রশাসনিক কাজ করাটা একটু জটিল। তাই প্রশাসনিক কার্যক্রম সহজ করা, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দ্রুত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই রাজবাড়ী সদর উপজেলাকে ভেঙে দুইটি উপজেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে সরকারের কাছে একটা প্রস্তাব খুব শিগগিরই পাঠাব। আমরা আশা করছি, আরেকটি উপজেলা এখানে করব।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় জেলার নদীভাঙন প্রতিরোধে আপদকালীন কাজসহ স্থায়ী সমাধান, চরাঞ্চল উন্নয়ন, সড়ক উন্নয়ন, রাজবাড়ী রেল স্টেশন ও ওয়ার্কশপ নির্মাণ, রাজবাড়ী পৌর এলাকার বিভিন্ন সমস্যা ও এর সমাধান, কালচারাল অডিটোরিয়াম নির্মাণ, শহীদ খুশি রেলের মাঠে স্টেডিয়াম নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশব্লক নির্মাণ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ তৈরি, অবকাঠামো উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।