প্রভাত স্পোর্টস: দীর্ঘদিন অফ ফর্ম ও ইনজুরি থাকার পরও ব্রাজিলের বিশ্বকাপ লাইনআপে নেইমারকে নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের দুটি ম্যাচ খেলা হলেও ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড কোনোটির দলেই ছিলেন না। কাফ ইনজুরির কারণে তার মাঠে নামা হয়নি। তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলে জয়ের পর আনচেলত্তি নেইমারের দলে ফেরার ব্যাপারে বড় ঘোষণা দিলেন। নকআউটে এক পা রাখা দলের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে দেখা যাবে বললেন কোচ। আগামী ২৪ জুন ফ্লোরিডার মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে হবে গ্রুপের শেষ ম্যাচ।
আনচেলত্তি বললেন, ‘নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ফিট থাকবে।’
নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণভাগ সামলাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া ও ইগোর থিয়াগো। প্রথম ম্যাচে মরক্কোর জাল কাঁপান ভিনিসিয়ুস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। হাইতির বিপক্ষেও রিয়াল মাদ্রিদ তারকা একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। এদিন কুনহা দুটি গোল করেছেন। দুজনেই এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
এদিকে কোভিড মহামারির সময় ‘হোম অফিস’ কথাটা বিশ্বব্যাপী পরিচিতি পায়। বিভিন্ন পেশায় জড়িত মানুষ ঘরে থেকে তাঁর পেশার কাজটা করতেন—সেটাকে হোম অফিস বলা হতো। বিশ্বকাপে নেইমারও এমন হোম অফিস করছেন।
কথাটা শুনতে যেমন ব্যঙ্গাত্মক, তেমনি বলাও হয়েছে মজা করেই। মন্তব্যকারীর নাম লুইস ইনাসিও লুলা দা সিলভা। ঠিক ধরেছেন, তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, গত শুক্রবার বেলো হরিজেন্তেয় সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ক্যানসার চিকিৎসায় বিনিয়োগসংক্রান্ত এক অনুষ্ঠানে মজা করে এমন কথা বলেন লুলা। নেইমার লুলার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসেনারোর সমর্থক।
সেই অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এক শিশুর কাছে জানতে চান, ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? জবাবে শিশুটি নেইমারের নাম বললে প্রেসিডেন্ট রসিকতা করে এই মন্তব্য করেন।
লুলা জানতে চান, ‘ব্রাজিল দলে এই মুহূর্তে ভালো কে আছে?’ শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’ লুলা এরপর রসিকতা করে বলেন, ‘নেইমার তো খেলছেই না! সে হলো বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। একজন হোম অফিস খেলোয়াড়! গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’
নেইমার কাফে চোটের কারণে এক মাস ধরে পুনর্বাসনে আছেন। বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই নাম্বার ‘টেন’। এর আগে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ব্রাজিলের প্রথম ম্যাচেও খেলতে পারেননি নেইমার।
ব্রাজিল দলের অন্য সদস্যরা হাইতির বিপক্ষে ম্যাচের জন্য ফিলাডেলফিয়ায় গেলেও নেইমার যাননি। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের বেজক্যাম্পে রয়ে গেছেন। আশা করা হচ্ছে, পুনর্বাসন শেষে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তৃতীয় ম্যাচেই মাঠে ফিরবেন এই তারকা ফরোয়ার্ড।