প্রভাত রিপোর্ট: পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ইকুইটাস ফাউন্ডেশনের করা রিটের শুনানি নিয়ে রবিবার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে দেশের সব পথশিশুর মৌলিক অধিকার সুরক্ষা ও নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ, বেআইনি এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না; কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না; কেন দেশব্যাপী পথশিশুদের প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত ও জরিপ পরিচালনা করা হবে না; কেন কঠোর তদারকি ও জবাবদিহিতা ব্যবস্থা নিশ্চিত করা হবে না; এবং সব প্রকার হয়রানি, নির্যাতন, অবহেলা বা শোষণ প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়েছেন আদালত। আদালতে আইনজীবী হিসেবে ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিষাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহিন শাহনেওয়াজ এবং এস এম জাকির হোসেন।