• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ফরাসি লিগ আঁ’র শিরোপা জিতলো পিএসজি

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: টানা পঞ্চম লিগ শিরোপা জিততে ড্র যথেষ্ট ছিল। কিন্তু লেঁসের মাঠে বুধবার রাতে পয়েন্ট ভাগাভাগি নয়, পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে পিএসজি। লেঁসকে হারিয়েছে ২-০ গোলে। এ জয়েই লিগ আঁ জয় নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।
৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। দুই দলই আর একটি করে ম্যাচ খেলবে। লেঁস তাদের শেষ ম্যাচে জিতলেও ৯ পয়েন্টের এ ব্যবধান ঘোচানো সম্ভব নয়।
লিগ আঁ থেকে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি আগেই গড়েছে পিএসজি। এবার ১৪তম শিরোপা জিতে সেই রেকর্ডই আরও উঁচুতে নিয়ে গেল লুইস এনরিকের দল। স্প্যানিশ কোচ এনরিকে ২০২৩ সালে কোচের দায়িত্ব নেয়ার পর এটি তাঁদের তৃতীয় লিগ শিরোপা। ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগজয়ী পিএসজির এ মৌসুমে ‘ট্রেবল’ জয়ের সুযোগও আছে। ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে এনরিকের দল। ফরাসি ক্লাবটি এই মৌসুমে ফ্রেঞ্চ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপও জিতেছে।
পিএসজির জেতা ১৪ লিগ শিরোপার মধ্যে সর্বশেষ ১৪ বছরে এসেছে ১২টি শিরোপা। কাতারি ধনকুবের নাসের আল খেলাইফির মালিকানায় আসার পর এ সাফল্য পেয়েছে পার্ক দে প্রিন্সেসের ক্লাবটি। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার লিগ জিতেছে লিঁও। টানা পাঁচবার লিগ জিতে পিএসজি এ তালিকায় দ্বিতীয় সেরা।
গত সপ্তাহেই লিগ শিরোপা একপ্রকার নিশ্চিত করে রেখেছিল লুইস এনরিকের দল। ব্রেস্তকে ১-০ গোলে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেঁসের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায় তারা। হাতে মাত্র দুই ম্যাচ বাকি থাকা এবং গোল ব্যবধানে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থাকায় পিএসজির শিরোপা জয় ছিল কেবল সময়ের ব্যাপার।
লেঁসের মাঠে ২৯ মিনিটে গোল করেন পিএসজি উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া। ৯৩ মিনিটে দ্বিতীয় গোলটি সেনেগালের ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ের। জয়ের পর সম্প্রচারক চ্যানেল বিইন স্পোর্টসকে পিএসজি তারকা উসমান দেম্বেলে বলেন, ‘আমরা জিততে এসেছিলাম। তবে আমাদের মূল লক্ষ্য ৩০ মের ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করা। আগামী রোববার (প্যারিস এফসির বিপক্ষে) আমাদের আরও একটি ম্যাচ আছে। আমরা এই শিরোপা উদ্‌যাপন করব; কারণ, এখন আমরা আনুষ্ঠানিকভাবেই চ্যাম্পিয়ন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category