• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline

ফ্লিকের ফোনে রিয়ালকে ভুলে বার্সায় যেতে রাজি রদ্রি

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: রদ্রিকে দলে ভেড়ানোর পথে এগিয়ে গেল বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার স্প্যানিশ এই মিডফিল্ডার বার্সায় যোগ দেওয়ার বিষয়ে ক্লাবটির ক্রীড়া পরিচালকের কাছে সম্মতি দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা। এর মধ্য দিয়ে তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল।
রদ্রি ‘হ্যাঁ’ বলার পর তাঁকে দলে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এখন রদ্রির দলবদল নিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই চুক্তি সহজ হবে না। কারণ, রদ্রির দলবদল ফি ৫ কোটি ইউরোর কম হবে না বলে জানিয়েছে মার্কা। বার্সেলোনা সূত্রও অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে এই স্প্যানিশ সংবাদমাধ্যম।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণেই রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা হাতে নেয় বার্সা। ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। অস্ত্রোপচারের পথে না হাঁটলে সুস্থ হতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে।
তাতে কাজ না হলে অস্ত্রোপচারের পথে যেতে হতে পারে, যা আরও লম্বা সময় নেবে। সাম্প্রতিক বছরগুলোয় চোটের কারণে তিনি বার্সার অনেক ম্যাচ মিস করেছেন। তাঁর বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছিল বার্সেলোনা।
রদ্রিকে নিয়ে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। এমনকি দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছিল বলে জানা গেছে। কিন্তু আলোচনা দীর্ঘায়িত হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা এবং খেলোয়াড়ের সম্মতি আদায় করেছে।
গত বুধবার থেকেই রিয়াল মাদ্রিদের ভেতরে রদ্রিকে না পাওয়া নিয়ে হতাশা তৈরি হয়। খেলোয়াড়ের পক্ষ থেকে পাওয়া ইঙ্গিতে ক্লাবটি বুঝে নেয়, তিনি বার্সায় যোগ দিতে চান।
ব্যালন ডি’অরজয়ী এবং সর্বশেষ বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী এই তারকাকে পেতে সিটির সঙ্গে এখন আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সা।
মার্কা জানিয়েছে, কয়েক দিন আগেও রদ্রির দলবদল মাদ্রিদেই গড়াবে বলে মনে করা হলেও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সরাসরি হস্তক্ষেপে দৃশ্যপট পুরো পাল্টে গেল।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক কার্লোস মনফোর্ত রদ্রির সঙ্গে ফ্লিকের যোগাযোগের খবরটি জানান। জার্মান ফুটবল মিডিয়া ওয়ানফুটবল এ নিয়ে প্রতিবেদনও করেছে। রদ্রিকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার প্রক্রিয়ায় ফ্লিক নাকি কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালকের ওপর ভরসা রাখতে পারেননি। জার্মান এই কোচ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাদ্রিদে জন্ম নেওয়া এই ফুটবলার বার্সায় ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্ব বহন করেন, সেটি সরাসরি বোঝাতে রদ্রির সঙ্গে ফোনে কথা বলেন ফ্লিক।
ফোনালাপে মধ্যমাঠ কীভাবে সাজাতে চান, তার বিস্তারিত ছক রদ্রির কাছে তুলে ধরেন ফ্লিক। রদ্রিকে তিনি আশ্বস্ত করেন, বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডে মূল দায়িত্বটা তাঁর কাঁধেই থাকবে। পাশাপাশি প্রথম একাদশের হয়ে নিয়মিত খেলানোর প্রতিশ্রুতিও দেন ফ্লিক। রক্ষণ সামলানো থেকে দল কীভাবে আক্রমণে উঠবে বা কখন, কীভাবে রক্ষণে ফিরবে—এসব বিষয়ে ভারসাম্য ধরে রাখার মূল চাবিকাঠি হবেন রদ্রি; তাঁকে এটাই বুঝিয়েছেন ফ্লিক।
বার্সার কোচের এ প্রস্থাবে রদ্রি ও তাঁর ঘনিষ্ঠদের মন গলেছে বলে জানিয়েছে মার্কা। জিজান্তেস ও ফিচাহেস ডটকমের মতো দলবদলের পোর্টাল জানিয়েছে, ফ্লিকের কাছ থেকে এসব প্রতিশ্রুতি পাওয়ার পর বার্সায় যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category