• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline

বনভূমি উদ্ধার, বনায়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনা অগ্রগতি হচ্ছে : ডিএফও মারুফ হোসেন

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার: কক্সবাজার উত্তর বন বিভাগে বন সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ এবং বনায়ন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মারুফ হোসেনের নেতৃত্বে চলমান এসব উদ্যোগে মাঠপর্যায়ের কার্যক্রমে এসেছে গতি, স্বচ্ছতা ও শৃঙ্খলা।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সংরক্ষিত বনভূমি রক্ষা, দখলমুক্তকরণ এবং পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় কক্সবাজার উত্তর বন বিভাগের বিভিন্ন রেঞ্জে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বন বিট এলাকায় প্রায় ২ একর সরকারি রিজার্ভ বনভূমি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, আরএস ৫৮৫০ খতিয়ানের বিএস ১১৫২০ দাগভুক্ত ওই জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে কৃষি কাজে ব্যবহার করে আসছিল। অভিযান পরিচালনা করে জমিটি দখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়। এতে বনভূমির স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধারের পথ সুগম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়া বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, ইটভাটা এবং নতুন দখলচেষ্টা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বনভূমিতে যেকোনো ধরনের দখল বা স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে।
অন্যদিকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন “টেকসই বন ও জীবিকা (SUFAL)” প্রকল্পের আওতায় কক্সবাজার উত্তর বন বিভাগে প্রায় ৮ হাজার ৪৬৮ একর এলাকায় বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। ডিএফও মারুফ হোসেন নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন এবং কার্যক্রমে গতি আনতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।
পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।
এদিকে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের মনিটরিং জোরদার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ ও মতামত দ্রুত গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয় সচেতন মহল বলছেন, দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও পরিবেশ ধ্বংসের প্রবণতা থাকলেও সাম্প্রতিক উদ্যোগগুলো ইতিবাচক পরিবর্তন আনছে। তারা বন বিভাগের এ ধরনের কার্যক্রম আরও জোরদার ও ধারাবাহিকভাবে চালানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category