প্রভাত রিপোর্ট: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বাজারে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ২০৪ টাকা, যা এতদিন ছিল ১৯৯ টাকা। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন ভোজ্যতেল ব্যবসায়ীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লিটারপ্রতি ৫ টাকা দাম সমন্বয়ের অনুমতি দেওয়া হয়।
দাম বাড়ানোর পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। সরকার তা সমন্বয় করে লিটারপ্রতি ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাণিজ্য সচিব বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনও সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিন সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্ট মাসে দাম বাড়ানো হয় ৭০ টাকা। যদিও জুলাইতে আগের মাসের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমানো হয়েছিল।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বেসরকারি এলপিজি ভোক্তাপর্যায়ে দাম প্রতিকেজি ১৩২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।
একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৭৩ টাকা ৯ পয়সা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসে এর দাম ছিল ৭০ টাকা ৪০ পয়সা। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৮৫ টাকা ৩০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।