• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

বোর্ডের কাজ দ্রুত সম্পন্ন করে নতুন মজুরি ঘোষণার আহ্বান

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: নভেম্বরের মধ্যেই মজুরি বোর্ডের কাজ সম্পন্ন করে গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় মজুরি বোর্ডের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় গার্মেন্ট শিল্প মজুরি বৃদ্ধি এলায়েন্সের নেতা নাজমা আখতারে নেতৃত্বে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত বিল্লাল প্রমুখ।
তাসলিমা আখতার বলেন, পোশাক শ্রমিকদের শিক্ষানবিশ পর্যায়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সব গ্রেডের মজুরি বৈষম্য দূর করে যথাযথভাবে সমন্বয়, শিক্ষা ও বিনোদন খাত যুক্ত এবং মূল মজুরির ১০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় চাল, ডাল, তেল ও শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রেশন কার্ডের মাধ্যমে বিতরণে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি শ্রমিকদের জীবনবিমা, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে শ্রমিক নির্যাতন, গ্রেফতার ও মিথ্যা মামলা বন্ধ, গ্রেফতার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি, ট্রেড ইউনিয়নের অধিকার এবং মালিক, সরকার ও বায়ারদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে মালিকপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার ওপর গুরুত্ব দিয়ে এ আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, এদিন নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিনও নির্ধারিত ছিল। এ জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুত ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হওয়া প্রয়োজন। কারণ, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সময় পাবেন পোশাকশিল্পের মালিকরা। মালিকপক্ষ আরও জানায়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে তারা। একই সঙ্গে স্থগিত হওয়া মজুরি বোর্ডের সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। যৌথ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category