বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছ, তোমাদের পড়ার খরচের একটা বড় অংশ সাধারণ মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকে আসে। সুতারং সাধারণ মানুসের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। তা না হলে সমাজ সভ্যতা থমকে দাড়াবে। তাই মেধাবী শিক্ষার্থীদের বলব, যেকোন পরিস্থিতিতে ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে শহরের জেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি পি সি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জাহাংগীর আলী, সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাশ, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম প্রমুখ।
মন্ত্রী আরও বলেন, জেলা পরিষদ মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার যে উদ্যোগ নিয়েছে এটা নিশ্চিয়ই প্রশংসার দাবিদার। এমন উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে সহযোগিতা করবে বলে জানান তিনি।
এদিন, জেলার ৯ উপজেলার এসএসসি ও এইচএসসিতে ভাল ফলাফল অর্জনকারী ৩৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা, সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৫৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২৭ লাখ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।