প্রভাত ডেস্ক: বরিশাল-৫ সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ মজিবর রহমান সরওয়ার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতি, ব্যাংক খাত ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন। তিনি বর্তমান বাজেটকে জনবান্ধব উল্লেখ করলেও গত ১৮ মাসে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে সরোয়ার বলেন, “আমরা রক্তের বিনিময়ে ৫ আগস্ট দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি। ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদের রাজনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে।” তিনি বলেন, ঘাটতি বাজেট নতুন কোনো বিষয় নয়। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করতে হবে। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি
অভিযোগ করেন, ওই সময়ে ঘুষ, গুম ও দমননীতির রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ব্যাংকিং খাতকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
ব্যাংক খাতের দুরবস্থার প্রসঙ্গ তুলে , গর্ভনরের রেফারেন্স টেনে তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ লুটপাট হয়েছে। এ অবস্থার জন্য অতীতের শাসকদের দায়ী করে তিনি বলেন, আর্থিক খাতকে পুনর্গঠন ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫৪টি বিষয়ে সংস্কারের কথা বললেও শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সেই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ দুই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তবে বাজেট সম্পর্কে ইতিবাচক মূল্যায়নও দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাজেট ঘোষণার পর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়নি, যা সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার ইতিবাচক দিক। তাঁর ভাষায়, “সরকার জনবান্ধব বাজেট দিয়েছে এবং এটি জুলাই চেতনার সঙ্গে সম্পৃক্ত।”
উন্নয়ন প্রসঙ্গে বরিশাল অঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত চাহিদার কথা তুলে ধরে সরোয়ার ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানান। একই সঙ্গে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণেরও জোর দাবি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বরিশালের প্রত্যাশিত উন্নয়ন হয়নি।
বক্তব্যের একপর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারেক রহমানের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সরকারি করা হয়েছে, যা এলাকার শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেট বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে সরোয়ার বলেন, সকলের সহযোগিতা থাকলে দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।