প্রভাত সংবাদদাতা, রাজশাহী: রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রবেশের মূল ফটকের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বোমা দুটি ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা গেটের কাছে স্কচটেপ দিয়ে পেঁচানো সন্দেহজনক দুটি বস্তু দেখতে পান। বিষয়টি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় থানা পুলিশকে জানানো হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানটি ঘিরে ফেলে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে।
খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে হাতবোমা হিসেবে নিশ্চিত করে এবং নিরাপদে নিষ্ক্রিয় (ডিফিউজ) করার ব্যবস্থা নেয়।
নগর পুলিশের বিমানবন্দর থানার কর্মকর্তা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় স্থানীয় অধিবাসী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরবর্তীতে বিমানবন্দরের সকল কার্যক্রম ও যান চলাচল স্বাভাবিক করা হয়।