প্রভাত সংবাদদাতা,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ অক্টোবর) নোয়াখালী জেলা দুদকের কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকার তোফাজ্জল হোসেন, শুভপুর গ্রামের মুহম্মদ আবু তাহের এবং উত্তর অর্জুনতলা গ্রামের মো. নূর নবী চৌধুরী।
দুদক সূত্র জানায়, সেনবাগের বাসিন্দা মো. সামছুল হক ২০২৪ সালে এ বিষয়ে বিশেষ জজ আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেন।
অনুসন্ধানে দুদক দেখতে পায়, অভিযুক্ত তিন ব্যক্তির নাম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংরক্ষিত লাল বইয়ে নেই। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ নেওয়া বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছে সংস্থাটি।
মামলার বাদি দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী জানান, অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ এবং তা ব্যবহার করে সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।