মেহেদী হাসান, হোমনা : কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর এলাকায় বালুর অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান চম্পকনগর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পকনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ খেলার উপযোগী করতে পাশের ফসলি জমি থেকে মাটি কেটে ভরাটের কাজ চলছিল। ওই কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন ইমরান। কাজের সময় তিনি বালুর ড্রেজারের ডামের ওপর অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে থাকা এক নারী ইমরানকে পানিতে পড়ে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় তাকে পানির নিচ থেকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইমরান দীর্ঘদিন ধরে মৃগী (খিঁচুনি) রোগে আক্রান্ত ছিলেন। তাদের ধারণা, কাজ করার সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। নিহতের পরিবারের সদস্যরাও একই দাবি করেছেন। তবে চিকিৎসক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, “প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। সুরতহাল প্রতিবেদন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, ইমরানের আকস্মিক মৃত্যুতে চম্পকনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ স্থানে কাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।