• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

হোমনায় আইনশৃঙ্খলা সভায় চুরি-মাদক ও লোডশেডিং নিয়ে আলোচনা

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান, হোমনা: কুমিল্লার হোমনায় চুরি, ইয়াবাসহ মাদক, জুয়া, যানজট ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। রবিবার (৩০ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সংকট এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো:মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি) মুকুল, প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, উপজেলায় মাদকের বিস্তার রোধ, চুরি ও জুয়া বন্ধে পুলিশকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে যানজট নিরসন এবং ঘন ঘন লোডশেডিংয়ের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় গত এক মাসে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের ও হোমনা থানার ওসি টমাস বড়ুয়ার প্রশংসা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category