মেহেদী হাসান, হোমনা : কুমিল্লার হোমনায় মাহবুব আলম কাঞ্চন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২ থেকে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কাঞ্চনের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর মুক্তির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন দুর্গাপুর গ্রামের বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) ভোরে হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাঞ্চন ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যেগুলোর বিচারিক কার্যক্রম চলমান। সম্প্রতি হোমনা থানার ঘারমোড়া ও আসাদপুর এলাকায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কাঞ্চনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর মুক্তির দাবিতে এলাকার লোকজন সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। এ সময় তাঁরা ‘কাঞ্চন ভাইয়ের মুক্তি চাই’ স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নেওয়া দুর্গাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, কাঞ্চন অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও গত কয়েক বছর ধরে তিনি নামাজ আদায় করেন এবং এলাকার উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন বলে দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, কাঞ্চনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁরা তাঁর মুক্তি দাবি করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহবুব আলম কাঞ্চনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২ থেকে ১৫টি মামলা রয়েছে, যেগুলো বিচারাধীন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সড়ক অবরোধ ও মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।