প্রভাত সংবাদদাতা, খুলনা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) গুলির ঘটনায় আটক তনিমা তন্বীকে প্রধান আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানা মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা সাত-আট জনকে আসামি করা হয়।
এর আগে সোমবার রাতে সদর থানা এলাকা থেকে তন্বীকে আটক করেছিল খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। গত ৪ অক্টোবর জাতীয় যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। কমিটিতে ১নং যুগ্ম সদস্য সচিবের পদ পান তনিমা তন্বী।
সোমবার বেলা ১১টার দিকে সোনাডাঙ্গা এলাকায় তন্বীর ভাড়া বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসক জানান, গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে মোতালেবের স্ত্রী বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলায় তন্বীকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাত-আট জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার দিন রাতে তন্বীকে আটক করা হয়। রাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ঘটনায় জড়িত সবার নাম পাওয়া গেছে। তার দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমরা অন্যদের নাম প্রকাশ করছি না। তন্বী নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। এ কারণে পুলিশ হেফাজতে রেখে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রাখা হয়েছে।’