প্রভাত সংবাদদাতা,সাভার : সাভারের আমিনবাজার এলাকায় প্রায় ১০ মাস ধরে বন্ধ থাকা বৈধ গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈধ গ্রাহকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভকারীরা বলেন, আমিনবাজার এলাকায় তিতাসের সংযোগ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এ অঞ্চলের প্রায় ৭০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন করার পরও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি সড়ক বিভাগের কাছে রাস্তা কাটার অনুমতির জন্য আবেদন করা হলেও এখনও অনুমতি মেলেনি। এ কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কাজ শুরু করা যাচ্ছে না।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাওন বলেন, এটি কোনও নতুন সংযোগ নয়, আমাদের পুরাতন সংযোগ। কিছু সমস্যার কারণে গ্যাস বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেও এখনও কোনও ব্যবস্থা নেয়নি। পুরো ইউনিয়নের ৭০ থেকে ৮০ হাজার মানুষ চরম কষ্টে আছে।
সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, আমিনবাজারে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, কেন দিচ্ছে না, তার সঠিক জবাব চাই। গ্যাসের অভাবে মা-বোনসহ সবাই মানবেতর জীবনযাপন করছে। তিন মাস আগে কাজের অর্ডার দেওয়া হলেও এখনও দৃশ্যমান কোনও অগ্রগতি নেই।
বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন বলেন, নির্বাচনের পর দুই মাস পার হলেও গ্যাস সংযোগ চালু হয়নি। আমরা মনে করি, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সমাধান না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না করা হলে বৃহত্তর আন্দোলন, গ্যাস অফিস ঘেরাও ও মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। পরে সেনাবাহিনীর আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।