মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে নিচের মাটি সরে গিয়ে ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীসহ যানবাহনকে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐচারচর গ্রামের পুরাতন ব্রিজ থেকে মজিবরের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই করা সড়কের বিভিন্ন অংশে নিচের মাটি সরে গেছে। কোথাও কোথাও সড়কের পাশ ভেঙে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, এই সড়ক দিয়ে ঐচার চর গ্রামের প্রায় ৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নাঈম সরকার ও প্রবাসী আল আমিন জানান, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় যেকোনো সময় সড়কের বড় একটি অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে রাতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে ঐচার চর গ্রামের পুরাতন ব্রিজ থেকে মজিবরের বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।