প্রভাত স্পোর্টস: বোর্ডের লাগাতার খেলোয়াড় বদলের নীতির কারণে বিশ্বজুড়ে হাসির পাত্রে পরিণত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট সামনে রেখে সাত জন নতুন খেলোয়াড়কে যুক্ত করেছে তারা। ছাঁটাই করেছে সাত জনকে। এমন সিদ্ধান্তে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের কাছ থেকে তীব্র সমালোচনা শুনেছে পিসিবি।
কিন্তু পাকিস্তানের পেস বোলিং আইকন শোয়েব আখতার বোর্ডের এমন সিদ্ধান্তে হতবাক হননি। বোর্ডের আসল পরিকল্পনা বুঝতে পারছেন তিনি। তার দাবি, প্রথম দলের পুরো স্কোয়াড সরিয়ে দিয়ে তরুণ প্রজন্মকে আনতে চায় বোর্ড। হাতেগোনা কয়েকজন খেলোয়াড় ছাড়া পাকিস্তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় খুব বেশি খেলোয়াড়কে রাখা হবে না বলে মনে করেন তিনি।
জাতীয় দলের স্কোয়াডে গণছাঁটাইয়ের কারণে যেখানে পিসিবি কটাক্ষের শিকার, সেখানে শোয়েবের সমর্থন পাচ্ছে তারা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আউটসাইড এজ শোতে বলেছেন, ‘পিসিবি নিজেও এই লোকদের নিয়ে খুব হতাশ এবং তারা এই পাকিস্তান স্কোয়াডের কাছ থেকে কিছুই আশা করে না। পরিকল্পনা হলো এই স্কোয়াডকে সরিয়ে দিয়ে তাদের জায়গায় তরুণ ও নতুনদের অন্তর্ভুক্ত করা। এমন খেলোয়াড়, যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং সঠিক পথেই কাজ করছে।’
এই পরিবর্তনের মাঝেও শোয়েব চান শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফকে রেখে দেওয়া হোক। সাবেক গতি তারকা মনে করেন না, বাবর আজমকে রেখে দেওয়া উচিত। তিনি বলেন, ‘এই পরিবর্তনের মাঝে আমি শুধু চাই শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার বেঁচে যাক। এই ছেলেদের মধ্যে ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে।’