• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সিলেট টেস্টে লক্ষ্য কী, জানালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার দিনও লাগেনি স্বাগতিকদের বিপক্ষে জিততে। সিলেটে দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের একই মানসিকতা চান কোচ ড্যারেন স্যামি।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক সিরিজের বিরতিতে বললেন, ‘একই মানসিকতা (আমি চাই), আরেকটু বেশি ক্ষুধাও। অধিনায়ক (রোস্টন চেজ) আমাদের লক্ষ্য নিয়ে এখানে আসার পরপরই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। বছরটা ভালোভাবে শেষ করাও গুরুত্বপূর্ণ।’
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তিনটি টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় আসার আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে আগের দুটি সিরিজে একটি করে ম্যাচ জিতেছিল তারা। কিন্তু সিরিজ জয়ের আক্ষেপ তারা মেটাতে চায় বাংলাদেশের মাটিতে। কিন্তু ফিল সিমন্স সফরকারী দলের সেই স্বপ্ন পূরণের কাজটি সহজ হতে দেবেন না মনে করেন স্যামি।
ক্যারিবিয়ান কোচ বলেছেন, ‘ফিলকে নিয়ে একটা ব্যাপার আমি জানি, সে এটা সহজে হতে দেবে না। সেও জিততে চায়। ডব্লিউটিসিতে তাদেরও নিজস্ব লক্ষ্য আছে। কিন্তু ছেলেদের মধ্যে আমি যা দেখছি, তাদের ক্ষুধা, সংকল্প, কাজ করার ইচ্ছা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ—তাতে আমি বেশ নিশ্চিত যে সিলেটে আমরা যে পরিস্থিতিরই মুখোমুখি হই না কেন, আমরা তা সামলে নিতে পারব। বাংলাদেশে আমরা একটি অ্যাওয়ে সিরিজ জিতে এই টেস্ট চক্র শেষ করতে প্রস্তুত থাকব। তবে তাদের ঘরের মাঠে (ওয়েস্ট ইন্ডিজের জেতা) সহজ হবে না।’
তিনি বলে গেলেন, ,‘আমরা এটা (সিরিজ) শুরুর আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে (এক টেস্ট) টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে ছিল। আমরা খুব ভালোভাবে এর গুরুত্ব বুঝি। ডব্লিউটিসি চক্র শুরুর আগে বার্বাডোজে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, সেটা অর্জনে আমরা উদগ্রীব হয়ে আছি।’
বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে লাল বলের খেলোয়াড়রা প্রস্তুতি নিয়েছিল। ঢাকায় স্পিনের বিপক্ষে ব্যাটাররা এমন দক্ষতা দেখানোর পেছনে সেই প্রস্তুতিকে কৃতিত্ব দিলেন স্যামি, ‘আমরা যেভাবে বোলিং করেছিলাম, আমি মনে করি আমাদের স্পিনাররা তাদের স্পিনারদের ভালোভাবে টেক্কা দিতে পেরেছে। আমাদের ব্যাটাররাও তাদের চেয়ে স্পিন ভালোভাবে খেলেছে। চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিং (অপরাজিত ৮১) ছিল বিশেষ। এই খেলায় এই বিষয়গুলো আমাকে মুগ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category