প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ ফাইনালে মারামারি ঘটনার আপিলে দুইরকম সিদ্ধান্ত দিয়েছে ফিফা আপিল চেম্বার। নাহুয়েল মোলিনার শাস্তি কমলেও লিয়ান্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল (এএফএ) অ্যাসোসিয়েশন।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার ঘটনায় ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোলিনা। সেটি কমিয়ে ৪ ম্যাচে আনা হয়েছে। পাশাপাশি তাকে ৬০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।
অন্যদিকে বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেসের ১০ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানার শাস্তি বহাল রয়েছে। স্পেনের উদযাপনের সময় এরিক গার্সিয়াকে ধাক্কা দেন তিনি। এরপর মাটিতে ফেলে দেন গাভিকে।
পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় আর্জেন্টিনার ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এএফএ জানিয়েছে, পারেদেসের নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করবে তারা। তবে এর আগে সিদ্ধান্তের পূর্ণাঙ্গ কারণ জানতে চাইবে সংস্থাটি। এএফএর দাবি, আপিলের পক্ষে তাদের কাছে ‘যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি’ রয়েছে। এর আগে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করেছেন থিয়াগো আলমাদা ও রতন আয়ালা। এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আলমাদাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।
নভেম্বরের ফিফা উইন্ডোতে আগামী ১৩ নভেম্বর বুয়েন্স এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা।