• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

আরও বাড়তে পারে বিমান ভাড়া

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিমান ভাড়া আগে থেকেই বেশি। এর মধ্যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বেশ কিছু অ্যারোনটিক্যাল চার্জ (বিমান চলাচল-সংক্রান্ত চার্জ) ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে। ফলে দেশে বিমান ভাড়া আরও এক দফা বাড়তে পারে। গণমাধ্যমের হাতে আসা চার্জ সংশোধনের প্রস্তাবিত নথিতে উড়োজাহাজ ল্যান্ডিং, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ, রুট নেভিগেশন ও নির্ধারিত সময়ের বাইরে বিমানবন্দর পরিচালনার ফি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের এমবার্কেশন ফি বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।
খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলছেন, এ প্রস্তাব অনুমোদিত ও কার্যকর হলে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাবে। এতে প্রতিষ্ঠানগুলোর জন্য বিমান ভাড়া প্রতিযোগিতামূলক পর্যায়ে ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে বেবিচক এই সম্ভাব্য চার্জ বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে বলছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয়, অবকাঠামো খাতে বড় বিনিয়োগ এবং আধুনিক নেভিগেশন ও নজরদারি ব্যবস্থা (সার্ভেইল্যান্স সিস্টেম) রক্ষণাবেক্ষণের চড়া খরচের কারণেই এ উদ্যোগ নেয়া হচ্ছে।
বেবিচকের সদস্য (অর্থ) ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল হক গণমাধ্যমকে জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়া হয়নি। নাজমুল হক বলেন, ‘চার্জ সমন্বয়ের জন্য আমাদের নিয়মিত প্রস্তুতি ও প্রাথমিক মূল্যায়নের কাজ চলমান থাকে। প্রয়োজন হলে আমরা এ বিষয়ে উদ্যোগ নেব। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হয়নি।’
অ্যারোনটিক্যাল চার্জ সর্বশেষ ২০১৩ সালে সংশোধন করা হয়েছিল। সাধারণত প্রতি ৭ থেকে ১০ বছর পরপর এই ফি পর্যালোচনা করা হয়। এর আগে ২০২১ সালে বেবিচক চার্জ সংশোধনের প্রস্তাব দিলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি।
কোভিড-১৯ মহামারির পর বিমান ভাড়া দ্বিগুণ বা তিন গুণ বেড়ে গিয়েছিল। অন্তর্বর্তী সরকারের নানা নীতিগত পদক্ষেপের পরও ভাড়া মহামারি-পূর্ববর্তী পর্যায়ে নেমে আসার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। ভাড়ার এই দীর্ঘস্থায়ী চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী কর্মীরা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম বলেন, এভিয়েশন চার্জ বাড়ানো হলে তা যাত্রী বৃদ্ধির হারকে থামিয়ে দিতে পারে। পাশাপাশি এয়ারলাইন্সগুলোর বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও এতে ব্যাহত হতে পারে। তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক ও গুয়াংজুর মতো দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী বাজারগুলোর তুলনায় বাংলাদেশে পরিচালিত এয়ারলাইন্সগুলোকে আগে থেকেই বেশি ল্যান্ডিং, পার্কিং, নিরাপত্তা ও এয়ার নেভিগেশন চার্জ গুনতে হচ্ছে।
কামরুল ইসলাম বলেন, ‘বিমান ভাড়া প্রতিযোগিতামূলক রাখতে হলে খরচের প্রধান খাতগুলো, বিশেষ করে এভিয়েশন চার্জ ও জেট ফুয়েলের দাম নিয়ন্ত্রণে রাখার সুযোগ থাকতে হবে।’ তিনি আরও বলেন, জেট ফুয়েলের অস্থিতিশীল দামের সঙ্গে নতুন করে ফি বাড়ানো হলে সাশ্রয়ী মূল্যে বিমান ভ্রমণ ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে।
প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ফ্লাইটেরই ল্যান্ডিং চার্জ ২৫ শতাংশ করে বাড়বে। উড়োজাহাজের ওজনের ভিত্তিতে এই ফি নির্ধারণ করা হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১০ টন পর্যন্ত ওজনের উড়োজাহাজের চার্জ প্রতি ১ হাজার কেজিতে ৫.২৫ ডলার থেকে বেড়ে ৬.৫৬ ডলার হবে। আর ১০০ টনের বেশি কিন্তু ৩০০ টন পর্যন্ত ওজনের উড়োজাহাজের ক্ষেত্রে প্রতি ১ হাজার কেজিতে এই চার্জ ১২ ডলার থেকে বেড়ে দাঁড়াবে ১৫ ডলার। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে, শেষোক্ত ওজন শ্রেণির উড়োজাহাজের জন্য প্রতি ১ হাজার কেজিতে এই চার্জ ১৮৮ টাকা থেকে বেড়ে ২৩৫ টাকা হবে।
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছাড়া অন্য সব ক্ষেত্রে প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের চার্জও ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বেবিচক। ১০০ টনের কম ওজনের উড়োজাহাজের ক্ষেত্রে প্রথম দুই ঘণ্টার জন্য প্রতি ঘণ্টার চার্জ ১০০ ডলার থেকে বেড়ে ১২৫ ডলার হবে। আর ৩০০ টন বা তার বেশি ওজনের উড়োজাহাজের ক্ষেত্রে এটি ২৫০ ডলার থেকে বেড়ে দাঁড়াবে ৩১২.৫০ ডলার।
বিমানবন্দরের নির্ধারিত সময়ের বাইরে ফ্লাইট পরিচালনার চার্জও বাড়ানো হবে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিমানবন্দরের সুবিধা ব্যবহারের চার্জ ঘণ্টাপ্রতি ২৭ শতাংশ বেড়ে ২২৫ ডলার থেকে ২৮৫ ডলার হবে। আর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে তা ৩৩ শতাংশ বেড়ে প্রতি ঘণ্টায় ৪ হাজার টাকা থেকে বেড়ে হবে ৬ হাজার টাকা। নির্ধারিত সময়ের বাইরে এয়ার নেভিগেশন সুবিধা ব্যবহারের চার্জ ঘণ্টায় ৯০ ডলার থেকে বেড়ে দাঁড়াবে ১১৫ ডলার।
এছাড়া রুট নেভিগেশন চার্জ আলাদাভাবে ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বেবিচক। আন্তর্জাতিক ফ্লাইটে ১০০ টনের বেশি কিন্তু ২০০ টন পর্যন্ত ওজনের উড়োজাহাজের জন্য এই ফি ৪২০ ডলার থেকে বেড়ে ৪৬২ ডলার হবে। আর ২০০ টনের বেশি ওজনের উড়োজাহাজের ক্ষেত্রে তা ৪৫০ ডলার থেকে বেড়ে হবে ৪৯৫ ডলার।
পাশাপাশি ওভারফ্লাইট চার্জ—কোনো দেশের আকাশসীমা ব্যবহার করে অবতরণ না করেই উড়ে যাওয়ার জন্য এয়ারলাইন্সগুলো যে ফি দেয়—ঢাকা বিমানবন্দরের অ্যাকাউন্ট থেকে সরিয়ে বেবিচক সদর দপ্তরের অ্যাকাউন্টে স্থানান্তরের সুপারিশও করা হয়েছে। টিকিটের দামের সঙ্গে বর্ধিত এমবার্কেশন ফি যুক্ত হওয়ায় এর সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের ওপর।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছাড়া অন্য টার্মিনালগুলোর ক্ষেত্রে বিদেশগামী প্রতি যাত্রীর এমবার্কেশন ফি বিদ্যমান ৫০০ টাকা (প্রায় ৪ ডলার) থেকে বাড়িয়ে ৬ ডলার নির্ধারণ করা হবে। অভ্যন্তরীণ ফ্লাইটের এমবার্কেশন ফি বর্তমানের ২৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হবে। আর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য যাত্রীপ্রতি ১২.৫০ ডলার এমবার্কেশন ফি প্রস্তাব করেছে বেবিচক। এসব চার্জ টিকিটের মূল দাম এবং অন্যান্য প্রযোজ্য কর ও ফি-র সঙ্গে যুক্ত হবে। ফলে বিমান ভ্রমণের সামগ্রিক ব্যয় আরও বেড়ে যাবে।
হেলিকপ্টার পরিচালনাকারী সংস্থাগুলোর ব্যয়ও অনেকটা বাড়বে। বর্তমানে ওজনের ভিত্তিতে হেলিকপ্টারের ল্যান্ডিং, নেভিগেশন ও নিরাপত্তা ফি সম্মিলিতভাবে ৪৫০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে আছে। নতুন পরিকল্পনায় ওজন নির্বিশেষে একক হার (ফ্ল্যাট রেট) হিসেবে অভ্যন্তরীণ রুটে প্রতিবার পরিচালনার জন্য ৩ হাজার টাকা ও আন্তর্জাতিক পরিচালনার জন্য ৫০ ডলার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
বেবিচকের অভ্যন্তরীণ এক প্রেজেন্টেশনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সংস্থাটির পরিচালন ব্যয় ছিল ১ হাজার ১৮৬ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরে অনেকটাই বেড়ে ৩ হাজার ২৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে। সংস্থাটির মোট আয়ের ৬০-৬৫ শতাংশই আসে অ্যারোনটিক্যাল চার্জ থেকে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, বর্তমান ফি কাঠামো দিয়ে আসন্ন উন্নয়ন ও পরিচালন ব্যয় মেটানো সম্ভব নয়। এর মধ্যে ঢাকা বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের ঋণ পরিশোধ বাবদ বছরে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা ব্যয়ের পাশাপাশি ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন (উড়োজাহাজ পার্কিংয়ের স্থান), কার্গো সুবিধা ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুযায়ী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় বিনিয়োগের বিষয় রয়েছে।
ট্রাভেল এজেন্টরা বলছেন, যাত্রীদের হতাশা আরও বাড়াচ্ছে টিকিট সিন্ডিকেট। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার মতো শ্রমবাজারের প্রধান রুটগুলোতে কৃত্রিমভাবে তারা এখনও বিমান ভাড়া চড়া রাখছে। গত বছরের ফেব্রুয়ারিতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনা, গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের বিস্তারিত তথ্য বাধ্যতামূলক করা এবং টিকিটের দাম জনসমক্ষে প্রকাশের নির্দেশনা দিয়েছিল। তা সত্ত্বেও বাজারে এখনও ব্যাপক অস্থিরতা ও কারসাজি রয়ে গেছে।
ঢাকার ট্রাভেল এজেন্ট মাহমুদুল হক পিয়ারু জানান, বর্তমানে ইকোনমি ক্লাসে ওয়ান-ওয়ে যাত্রায় জেদ্দার ভাড়া ৬৫ থেকে ৭০ হাজার টাকা, দোহার ভাড়া ৪৫ থেকে ৫০ হাজার টাকা ও মালয়েশিয়ার ভাড়া ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে রয়েছে। পিয়ারু বলেন, ‘জ্বালানি খরচের পাশাপাশি ল্যান্ডিং, পার্কিং ও পরিচালন চার্জই হলো এয়ারলাইন্সগুলোর খরচের মূল ভিত্তি। বিমান ভাড়া আগে থেকেই অনেক বেশি। তাই এসব চার্জ সমন্বয়ের আগে সরকারকে অবশ্যই এয়ারলাইন্সের পরিচালন ব্যয় ও সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category